- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজ মকবুল হোসেন চৌধুরীর ৫৮তম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার
তদানীন্তন আসাম-বাংলার কৃতি সাংবাদিক-রাজনীতিবিদ, খেলাফত নেতা, ভাষা সৈনিক মকবুল হোসেন চৌধুরী ছিলেন বৃটিশ বিরোধী আন্দোলনের এক অগ্র সৈনিক। আজ ২০ শে ডিসেম্বর মঙ্গলবার তাঁর ৫৮তম মৃত্যুবার্ষিকী।
তিনি বৃটিশ বিরোধী        
আন্দোলন, ঐতিহাসিক খেলাফত আন্দোলনের অন্যতম নেতা ছিলেন এবং দীর্ঘদিন কারাভোগ করেন। তিনি সিলেটের সাপ্তাহিক  ‘যুগবাণী’, ‘যুগভেরী’ ও ‘সিলেট পত্রিকার’ সম্পাদক ছিলেন। তিনি কলকাতার দৈনিক ‘ছোলতান’ পত্রিকা সম্পাদনা করেছেন। ১৯৩৭ সালে তদানীন্তন আসাম ব্যবস্থাপক সভার সদস্য (এম.এল.এ) নির্বাচিত হন এবং স্যার সাদউল্লাহ মন্ত্রিসভার হুইপ হিসেবে ১৯৪৫ পর্যন্ত দায়িত্ব পালন করেন। মকবুল হোসেন চৌধুরী সুনামগঞ্জ কলেজ প্রতিষ্ঠা, হাজী মকবুল পুরকায়স্থ (এইচএমপি), এম.ই মাদ্রাসা, সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রতিষ্ঠার সাথে অতপ্রোতভাবে জড়িত ছিলেন।
তিনি ১৮৯৮ সালে সুনামগঞ্জ জেলার তাহিরপুর বিন্নাকুলী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন আবুল হোসেন চৌধুরী ও মাতা আজিজুন্নেছা চৌধুরী। তিনি ১৯৫৭ সালের ২০ শে ডিসেম্বর সিলেটে ইন্তেকাল করেন এবং তাঁকে হযরত শাহজালাল (র:) দরগায় দাফন করা হয়। আজ মঙ্গলবার পারিবারিকভাবে তাঁর মৃত্যুবার্ষিকী উদযাপিত হবে। মরহুমের মেঝো পুত্র হোসেন তওফিক চৌধুরীর সুনামগঞ্জ হাছননগরস্থ বাসভবন এবং কনিষ্ঠ পুত্র সাংবাদিক হাসান শাহরিয়ার ঢাকার সেগুন বাগিচাস্থ বাস ভবনে দোয়া খায়ের ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন।

  • [১]