- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজ মরমী কবি হাসন রাজার মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার
আজ ৬ ডিসেম্বর বিখ্যাত মরমী সাধক হাসন রাজার মৃত্যুবার্ষিকী । ১৯২২ সালের ৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন হাসন রাজা। অনেকটা নিরবেই কাটছে হাসন রাজার মৃত্যুবার্ষিকী। হাসন রাজার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরে উল্লেখ করার মতো কোন অনুষ্ঠান নেই। পারিবারিকভাবেও কোন অনুষ্ঠানের আয়োজন হয়নি। হাওর-বাওর ও মেঘালয় পাহাড়ের পাদদেশের জেলা সুনামগঞ্জ ‘হাসন রাজার দেশ’ হিসাবেই পরিচিত। কিন্তু মরমী এই সাধকের জন্ম-মৃত্যুতে নিয়মিত আয়োজন কম হয় সুনামগঞ্জে। অবশ্য, সংস্কৃতি বিষয়ক          মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় বৈষ্ণব কবি রাধারমণ দত্ত, মরমী কবি হাসন রাজা, বাউল শাহ্ আব্দুল করিম ও দুর্ব্বিণ শাহ স্মরণে প্রতিবছরই ৪ দিনের লোক উৎসব হয়ে থাকে।
১৮৫৪ সালের সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রী’র ধনাঢ্য জমিদার পরিবারে জন্ম নেওয়া মরমী সাধক হাসন রাজা তাঁর জীবনের বিভিন্ন সময়ে প্রায় দু’শ গান রচনা করেছেন। হাসন রাজার গানে সহজ সরল স্বাভাবিক ভাষায় মানবতার চিরন্তন বাণী যেমন উচ্চারিত হয়েছিল তেমনি আধ্যাত্মিক কবিও ছিলেন তিনি। সকল ধর্মের বিভেদ অতিক্রম করে তিনি গেয়েছেন মাটি ও মানুষের গান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ১৯২৫ সালে কলকাতায় এবং ১৯৩৩ সালে লন্ডনে হিবার্ট বক্তৃতায় হাসন রাজার দুটি গানের প্রশংসা করেছিলেন। কিন্তু প্রখ্যাত এই মরমী সাধকের জীবন- দর্শন ও গানের চর্চা এখানে প্রাতিষ্ঠানিকভাবে হয় না বললেই চলে।
হাসন রাজার প্রপৌত্র’র পুত্র দেওয়ান রাবীন আনোয়ার জানান, গত বছরের মতো এবারও রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমীতে হাসন উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে।

  • [১]