- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজ শহরে আনন্দ শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন মন্ত্রী পরিষদের সভায় অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে জেলা শহরে আজ (রোববার) আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এই আনন্দ শোভাযাত্রায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপিও উপস্থিত থাকবেন।
বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে এই আনন্দর‌্যালি অনুষ্ঠিত হবে। আনন্দর‌্যালি শেষে সুনামগঞ্জ স্টেডিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হবে।
সুনামগঞ্জ জেলাবাসীর বহুদিনের দাবী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের খসড়া আইন গত সোমবার (৩০.১২.১৯) মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদন পায়।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৪ অক্টোবরে একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান তাঁর নিজ জেলা সুনামগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলেন। সভায় উপস্থিত ওই সময়ের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতে সমর্থন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপনে সম্মতি প্রকাশ করেন। পরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী একটি বেসরকারি চাহিদাপত্র (ডিও লেটার) দেন শিক্ষামন্ত্রীর কাছে। ডিও লেটারে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের শিক্ষাখাতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। শিক্ষা মন্ত্রণালয় সারা দেশে নতুন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনসহ শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জ জেলা বাংলাদেশের একটি পশ্চাৎপদ এলাকা। শিক্ষায় তুলনামূলক ভাবে পিছিয়ে পড়া এই অঞ্চলে উচ্চশিক্ষা গ্রহণে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। পিছিয়ে থাকা সুনামগঞ্জ জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ ও শিক্ষার মানোন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন জরুরি।
পরে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে পাবলিক বিশ্ব বিদ্যালয় মঞ্জুরি কমিশন সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন প্রস্তুত করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ডেপুটি ডিরেক্টর মৌলি আজাদের নেতৃত্বে কমিটি করে দেয়। গেল বছরের (২০১৮ সালে) জানুয়ারি মাসেই এই খসড়া আইন প্রস্তুত হয়। শেষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইনটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়।
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ আলী রেজা এই খসড়া আইনটি বিভিন্ন মন্ত্রণালয়ে প্রেরণ করেন।
যেহেতু এটি একটি স্বতন্ত্র আইন। অন্য কোন মন্ত্রণালয়ের বা অন্য কোন আইনের ধারা উপধারা অনুচ্ছেদ বা উপ-অনুচ্ছেদের বক্তব্য বা মতামতের সাংঘর্ষিকতা আছে কী-না, তা যাচাই-বাছাই করার জন্যই বিভিন্ন মন্ত্রণালয়ে এই খসড়া আইন পাঠানো হয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অভিমত নেওয়া হয়।
বাংলাদেশ ভাষা কোর্স (বাভাকো)’ থেকে এ আইনের প্রণিত শব্দ চয়নের ব্যাপারে সুপারিশ নেওয়া হয়। সুপারিশের প্রেক্ষিতে আইনটি’র শব্দ’র পরিবর্তন-পরিমার্জন করে মন্ত্রী পরিষদ বিভাগে পাঠালে গত সোমবার মন্ত্রী পরিষদের সভায় আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন লাভ করে।
এদিকে, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের খসড়া আইন মন্ত্রী সভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শনিবার বিবৃতি পাঠিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সাহারুল ইসলাম।

  • [১]