- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আজ সুনামগঞ্জ কমিউনিস্ট পার্টির সম্মেলন

স্টাফ রিপোর্টার
আজ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলন। সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সকাল ১০ টায় সম্মেলন উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড আহসান হাবিব লাভলু, সদস্য অ্যাড. কমরেড আনোয়ার হোসেন সুমন। সম্মলনের সভাপতিত্ব করবেন জেলা সিপিবি’র সভাপতি কমরেড অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার।
সম্মেলন সফল করতে বিভিন্ন উপজেলা থেকে পার্টির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এছাড়াও শহরের চারপাশ থেকে শতাধিক শ্রমিক শ্রেণির মানুষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের শুরুতে গণসঙ্গীত পরিবেশন করবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদ।
কমরেড আহসান হাবিব লাভলু বলেন, ‘সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করুন’ স্লোগানকে সামনে রেখে আজ সুনামগঞ্জ জেলা কেন্দ্রীয় শহিদ মিনারে সকাল ১০ টায় সম্মেলন উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু। একটি বিশেষ সময়ে জরুরী প্রয়োজনে সম্মেলনের আয়োজন করছি। আমরা ফ্যাসিস্ট দুঃশাসন এবং লুটেরা-ধনবাদী ব্যবস্থা থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্র- ধর্মনিরপেক্ষতা- মানবাধিকার- সমাজতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার দেশ পরিচালনার সংগ্রাম জোরদার করার ডাক দিচ্ছি এই সম্মেলনের মাধ্যমে।
এদিকে সম্মেলনের সফলতা ও শুভেচ্ছা জানিয়েছে উদীচী, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন ও খেলাঘর আসর সুনামগঞ্জ জেলা সংসদ।
এবিষয়ে জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ বলেন, গরীব মেহনতি মানুষের অধিকার আদায়ের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলন আজ। লুটেরা শ্রেণির বিরুদ্ধে শ্রমিক শ্রেণির ঐক্য গড়ে তুলতে এই সম্মেলন অনেক গুরুত্ব বহন করে। কমিউনিস্ট পার্টির এই সম্মেলন চলমান লড়াই সংগ্রামকে আরও বেগমান করবে সেই প্রত্যাশা করি।

  • [১]