- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আতঙ্কগ্রস্ত এলাকাবাসী গ্যাসের চাপে উঠে গেলো নলকূপের পাইপ

এনামুল হক এনি, ধর্মপাশা
নলকূপের পাইপ মাটির নিচে বসানোর কাজ চলছে। মিস্ত্রীরা বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ করেই পাইপ উপরে উঠতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় পাইপ দিয়ে ক্রমাগত শো শো করে গ্যাস বেরুচ্ছে। কিছুক্ষণ পর পর বুদ বুদের বিকট শব্দ। পাইপ দিয়ে গ্যাস বেরুচ্ছে এমন খবর পেয়ে উৎসুক জনতা ভিড় জমায় চারপাশে। তখন  সারা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিস্ত্রীরা কাজ ফেলে দূরে সরে যান। ঘটনাস্থলের আশপাশে থাকা বাড়ি ঘরের লোকজন নিরাপদ দূরত্বে সরতে থাকেন।
গত সোমবার বিকেল ৫টায় ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের জয়পুর গ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে এমনটি ঘটেছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী (অ.দা.) আব্দুর রব সরকার জানিয়েছেন, প্রাকৃতিক গ্যাসের চাপের কারণে এমনটি ঘটেছে।
জানা  যায়, ওইদিন সকাল থেকে মসিজদ প্রাঙ্গণে চারশ ফুট গভীর নলকূপ বসানোর কাজ শুরু করা হয়। প্রচন্ড গ্যাসের চাপে  বিকেল ৫ টায় ১শ ৮০ ফুট পাইপ বসানোর পর হঠাৎ পাইপ মাটির নিচ থেকে ৩০ ফুট উপরে উঠে যায়। পাইপ উপরে উঠার সময় পাইপের ওপর বালির বস্তা দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করা হলেও গ্যাসের প্রচন্ড চাপে তা ব্যর্থ হয়। স্থানীয় লোকজন আতঙ্কগ্রস্থ হয়ে নিরাপদ দূরত্বে অবস্থান নেন। মুসল্লিরা ঝুঁকি নিয়ে ওই মসজিদে নামাজ আদায় করছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ জানান, নলকুপের পাইপ দিয়ে ক্রমাগত গ্যাস বেরুচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা না নিলে  যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।  
মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মধ্যনগর থানার ওসি মাজহারুল ইসলাম। তিনি জানান, স্থানীয় এলাকাবাসীকে নিরাপদ দূরত্বে থাকার জন্য বলা হয়েছে।
ইউএনও মোহাম্মদ নাজমুল হক জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

  • [১]