- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আদালতের আদেশ লংঘন করে জামালগঞ্জে চাটনী বিলে মাছ ধরার অভিযোগ

স্টাফ রিপোর্টার
উচ্চ আদালতের নিষেধ লংঘন করে জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কাছের চাটনী বিলে জোরপূর্বক মাছ ধরা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় হাওরাঞ্চলের অবকাঠামো ও জীবন মান উন্নয়ন প্রকল্পের (হিলিপ) আওতায় চাটনী বিল ব্যবহারকারী সংগঠনের কোষাধ্যক্ষ মোহাইমিন রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দাখিল করেছেন।
এছাড়া দক্ষিণ লক্ষীপুর চাটনী বিল পাড়া মৎস্য সমবায় সমিতির পক্ষ থেকেও মাছ ধরার চেষ্টা হচ্ছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্র জানা যায়, ১৪২৩ বাংলার সরকারী ইজারা মূল্য পরিশোধ করে বাঁশ ও কাটা দিয়ের বিল তদারকি করে আসছেন চাটনী বিল ব্যবহারকারী সংগঠনের লোকজন। কিন্তু লক্ষীপুর গ্রামের রেজাউল করিম টিটু, শহিদুল ইসলাম, আলেক চানসহ তাদের লোকেরা পূর্ব পরিকল্পিতভাবে শক্তি প্রয়োগের মাধ্যমে দেশীয় অস্ত্র নিয়ে চাটনী বিল জলমহালে জোর পূর্বক মাছ ধরছে। বিলের পাহারাদার তাদের মাছ ধরতে নিষেধ করলে রেজাউল, শহীদুল, আলেক চান পাহারাদারকে হত্যার হুমকি দেয়। পাহারাদার পালিয়ে গেলে বিল থেকে ৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ধরা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, উচ্চ আদালতের স্থগিতাদেশ অমান্য করে জোরপূর্বক মাছ ধরছে তারা।
অপরদিকে দক্ষিণ লক্ষীপুর চাটনী বিল পাড়া মৎস্য সমবায় সমিতির সদস্য গোলাম মোস্তফা, পাশা মিয়া, রুনু মিয়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন উচ্চ আদালতের নিষেধ অমান্য করে ওই জলমহালে জোর করে মাছ ধরার চেষ্টা করছেন সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামসহ আরও কিছু প্রভাবশালী লোক।  
অভিযুক্ত রেজাউল করিম টিটু বলেন,‘ বিলে মাছ ধরার বিষয়ে আমি কিছুই জানি না। আমরা ওই বিলে মাছ ধরি নাই।  চাটনী পাড়া সমিতির লোকজনই বিলে মাছ ধরছে।’
তবে অভিযোগ অস্বীকার করে দক্ষিণ লক্ষীপুর চাটনী বিল পাড়া মৎস্য সমবায়     
সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন,‘আমরা কেউ বিলে মাছ ধরিনি বা ধরার চেষ্টা করিনি। কে মাছ ধরছে তা আমরা জানি না। ’
এলজিইডির জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন,‘ হিলিফের সমিতির লোকজনকে মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কেউ যদি মাছ ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ’
জামালগঞ্জ থানার ওসি আবুল হাসেম বলেন,‘ আদালতের আদেশ অমান্য করে বিলে মাছ ধরার বিষয়ে আমি অবগত নই। শুনেছি জলমহালটি হিলিপ প্রকল্পের। তাই ওই প্রকল্পের কর্মকর্তারা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সবকিছু বলতে পারবেন।’
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী বলেন,‘ফেনারবাঁক ইউনিয়নের চাটনী বিলে জোর করে মাছ ধরা হচ্ছে বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে। থানার ওসিকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে। আজ বুধবার ওই বিলের দুই পক্ষকে নিয়ে বসা হবে। দুই পক্ষের বক্তব্য শুনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ’

  • [১]