স্টাফ রিপোর্টার
আদালতের জারী কারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে দায়ের করা মামলায় দোয়ারাবাজারের আমবাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকসহ ৫ জনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার এই মামলায় আত্মসমর্পন করতে আদালতে হাজির হলে আদালতের বিচারক বেগম ইসরাত জাহান ৫ জনকেই জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
স্থানীয় লোকজন ও মামলা সূত্রে জানা যায়, স্কুলের জমি দখল-বেদখলের একটি মামলায় আদালতের জারী করা নোটিশ নিয়ে জেলা জজ আদালতের জারীকারক মো. আব্দুল ওয়াহিদ খান গত বছরের ২ সেপ্টেম্বর আমবাড়ী উচ্চ বিদ্যালয়ে যান। নোটিশ রাখা না রাখা নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বরুণ চন্দ্র দাস, সাবেক সভাপতি অমিয় ভূষণ তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান এবং পরিচালনা কমিটির সদস্য আজাদ মিয়া ও জমির উদ্দিনের বাকবিত-া হয়। এ ঘটনায় মামলা দায়ের করেন জারী কারক মো. আব্দুল ওয়াহিদ খান।
সোমবার মামলার বাদীগণ আদালতে আত্মসমর্পণের হাজির হলে আদালত ৫ জনকেই জেল হাজতে পাঠানোর আদেশ দেন। বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল কবীর রুমেন বলেন, আদালতের একটি নোটিশ জারী নিয়ে বাদানুবাদের ঘটনায় এই মামলা হয়েছিল। বিবাদীগণ আদালতে হাজির হলে আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছেন। আমরা আশা করছি আদালত ন্যায় বিচার করবেন।