ছাতক প্রতিনিধি
ছাতকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধকৃত ভুমিতে গৃহ নির্মাণ করা নিয়ে দু’পক্ষ মুখোমুখী অবস্থান করছে। বিরোধকৃত এ ভূমি নিয়ে যেকোন সময় দাঙ্গা-হাঙ্গামার আশংকা করছেন স্থানীয়রা। সোমবার ছাতক থানার এএসআই রেদওয়ানুল হক ঘটনাস্থলে গিয়ে আদালতের নির্দেশ অনুযায়ী বিরোধকৃত ভুমিতে ঘরের নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে জড়িতদের সতর্ক করে দেন। কিন্তু পুলিশ চলে আসার পর দোলারবাজার ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামের মানিক মিয়া, হাবিবুল আলম, আব্দুল কাদিরসহ লোকজন আবারো গৃহ নির্মাণের কাজ অব্যাহত রেখেছে। জানা যায়, লক্ষীপাশা মৌজার ২০৪ নং দাগের ৮২ শতক ভুমি নিয়ে গ্রামবাসীর সাথে মানিক মিয়া গংদের বিরোধ চলে আসছে। বিরোধকৃত এ ভূমিতে জোর পূর্বক ঘর নির্মাণ করতে গেলে গ্রামবাসীর পক্ষে মৃত ছমরু মিয়ার পুত্র আবুল হোসেন ৪ সেপ্টেম্বর সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন মানিক মিয়া গংদের বিরুদ্ধে। মামলার প্রেক্ষিতে ভূমির উপর অস্থায়ী নিষেধজ্ঞা জারী করেন আদালত। আদালতের নিষেধাজ্ঞা প্রাপ্তির পর থানা-পুলিশ ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪ ধারায় ৫ সেপ্টেম্বর উভয় পক্ষকে নোটিশ প্রদানের মাধ্যমে সতর্ক করে দেন।
এদিকে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানিক মিয়া পক্ষের লোকজন এ ভূমিতে ঘর নির্মাণ করতে গেলে গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এ নিয়ে গ্রামে সাংঘর্ষিক পরিস্থিতি বিরাজ করছে। ছাতক থানার এএসআই রেদওয়ানুল হক এ ব্যাপাওে জানান, ভূমির উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। মানিক মিয়া বিরোকৃত ভূমিতে ঘর নির্মাণ করতে গেলে তিনি কাজ বন্ধ করে দেন।