- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আধিপত্য নিয়ে সুনামগঞ্জ বাসস্ট্যান্ডে ফের উত্তেজনা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ বাসস্টেশনের আধিপত্য নিয়ে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। মালিক সমিতির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়ায় শনিবার সকাল থেকে উত্তেজনা দেখা দেয়। একপক্ষ সুনামগঞ্জ বাসস্টেশন তাদের দখলে নেয়, অপর পক্ষ সুনামগঞ্জ-সিলেট সড়কের চেচান এলাকায় ব্যারিকেড সৃষ্টি করে প্রায় ৩ ঘণ্টা যান চলাচলে বাধা দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে ব্যারিকেড উঠিয়ে ৩ দিনের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়।
সুনামগঞ্জ বাস মালিক সমিতির দুটি গ্রুপের মধ্যে টার্মিনালে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব বহুদিনের। একাংশের কমিটির সভাপতি আব্দুল মনাফ ও সাধারণ সম্পাদক আব্দুল মুকিত মুকুল। অপরাংশের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাবুল।
সুনামগঞ্জ বাসস্টেশনের কাউন্টার নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে দুই মাস আগে একবার দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে স্থানীয় বাসস্টেশন এলাকার কাউন্সিলর আহমেদ নূর, বাস মালিক সমিতির নেতা মোজাম্মেল হক এবং দুই সমিতির দুই প্রতিনিধি এবং সদর থানার এক সাবইন্সপেক্টরকে বাসের কাউন্টার যৌথভাবে দেখভালের দায়িত্ব দেন সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী।
প্রায় দুই মাস পর শনিবার সকালে মজিবুর রহমান ও বদর উদ্দিন বাবুল সমর্থকরা আবার টার্মিনাল দখলে নেয়। এ ঘটনার প্রতিবাদে অপরপক্ষ সুনামগঞ্জ-সিলেট সড়কের চেচান এলাকায় ব্যারিকেড সৃষ্টি করে সড়কে যান চলাচলে বাধা দেয়। প্রায় ৩ ঘণ্টা মালিক সমিতির আব্দুল মনাফ ও আব্দুল মুকিত মুকুল সমর্থকরা সড়ক অবরোধ করে রাখে।
পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে এই পক্ষ।
মালিক সমিতির একাংশের সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাবুল বলেন,‘আদালত (বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, সুনামগঞ্জ) আমাদের পক্ষে রায় দিয়েছেন। মজিবুর রহমান ও বদর উদ্দিন বাবুলকে দায়িত্ব পালনে বাধা নিষেধ যাতে না দিতে পারে এই মর্মে নিষেধাজ্ঞা দিয়েছেন। আমরা আদালতের আদেশের বলেই দায়িত্ব পালন করছি’।
অপর সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত মুকুল বলেন,‘আমরা বিজ্ঞ জেলা জজ আদালতে এই রায়ের বিপক্ষে আপিল করেছি, আমাদের আপিল মঞ্জুর হয়েছে, অন্যদিকে টার্মিনাল থানার ওসির নির্দেশে স্থানীয় কাউন্সিলরসহ ৫ জনের হেফাজতে ছিল, এই অবস্থায় জোরপূর্বক তারা কাউন্টার দখল করতে চাচ্ছেন, আমরা এর প্রতিবাদে সুনামগঞ্জ- সিলেট সড়কের চেচান এলাকায় ব্যারিকেড দেই এবং সড়ক অবরোধ করি। পরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা আগামী সোমবার পর্যন্ত সময় দিতে এবং পরে দুই পক্ষের কাগজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানোয় আমরা অবরোধ প্রত্যাহার করি’।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘একপক্ষ বলছেন আদালত তাদের পক্ষে রায় দিয়েছেন, আরেক পক্ষ বলছেন তারা আপিল করেছেন, আমরা দুই পক্ষকে বলেছি সোমবারের পরে দুই পক্ষের কাগজ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, এখন আগের মতোই চলবে’।

  • [১]