বিন্দু তালুকদার
বর্তমান সরকারের আমলে আধুনিক তথ্য প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে নানা কর্মকান্ডের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি দপ্তরগুলোতে ডিজিটাল হাজিরা চালু করা হয়েছে। উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) প্রকল্পের মাধ্যমে পাইলট প্রকল্পের আওতায় সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, বরগুনা, রংপুর ও খুলনাসহ ৭টি জেলায় ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে অফিসে হাজির হওয়া ও সঠিকভাবে কাজ করার বিষয়টি নিশ্চত করতে সরকারের এই ব্যতিক্রমী উদ্যোগ বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বাবর আলী মীর। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ঠিকাদার দিয়ে প্রায় সাড়ে ৬ লাখ ব্যয়ে ওই সাত জেলার প্রতিটি
উপজেলায় ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের কাজ বাস্তবায়ন করছেন জেলা-উপজেলা প্রশাসন। উপজেলা সদরের ১৭টি সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি গ্রামীণ এলাকায় ৬টি কমিউনিটি ক্লিনিক, ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২টি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সেসহ ৩০টি সরকারি প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর ও শাল্লা উপজেলায় ডিজিটাল হাজিরার মেশিন স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্য উপজেলাগুলোতে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের পর জেলার পাঁচ উপজেলার ১৫০ টি সরকারি দপ্তরে এখন আর আগের মত খাতায় লিখে হাজিরা বন্ধ করা হয়েছে। অফিসের কর্মকর্তা ও সকল কর্মচারী এখন সকাল-বিকাল ডিজিটাল মেশিনের মাধ্যমে হাজিরা দিচ্ছেন। ডান হাতের বৃদ্ধাঙ্গুলির মাধ্যমে মেশিনে চাপ দিয়ে হাজিরা দেয়া হচ্ছে। হাজিরার বিষয়টি কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে তদারকি করছেন সংশ্লিষ্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।
জেলার দুর্গম এলাকা শাল্লা উপজেলায় ডিজিটাল হাজিরা চালু করার বিষয়টি সরকারের তথ্য প্রযুক্তির উন্নয়ন ও প্রশাসনিক ব্যবস্থায় স্বচ্চতা ও জবাবদিহীতা নিশ্চিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট অনেকেই। উপজেলা সদরের ১৭টি সরকারি দপ্তরের পাশাপাশি গ্রামের শিক্ষা ও স্বাস্থ্য শাখায় সংশ্লিষ্টদের উপস্থিতি নিশ্চিত হচ্ছে। এতে গ্রামের লোকজন আগের ছেয়ে এখন বেশী সেবা পাচ্ছেন।
উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) প্রকল্পের সুনামগঞ্জ জেলার ফ্যাসিলেটিটর মো. জিল্লুর রহমান বলেন,‘ আধুনিক উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সরকার ডিজিটাল মেশিনে হাজিরার ব্যবস্থা চালু করে দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি অফিস সমূহে কর্মকর্তা-কর্মচারীদের হাজিরার বিষয়টি নিশ্চিত করছেন। এই উদ্যোগটি সরকারের সাফল্যের একটি অংশ।’
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া বলেন,‘উপজেলা সদরের ১৭টি সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করায় অফিস ফাঁিক রোধ হয়েছে। এখন সবাই সঠিক সময়ে অফিসে আসছেন ও যাচ্ছেন। ’
দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক বলেন,‘ ডিজিটাল হাজিরা চালু হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারী নির্দিষ্ট সময়ে অফিসে পৌঁছবেন। এতে করে জনগনের সেবা নিশ্চিত হবে। আমরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই। আমরা চাই সবাই সঠিক সময়ে অফিসে আসুন ও সঠিকভাবে দায়িত্বপালন করুন। ’
সুনামগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বাবর আলী মীর বলেন,‘সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক সময়ে আসা, অফিস ফাঁকির বিষয়টি রোধ করতে এবং সকল কাজে গতি আনতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল হাজিরার ব্যবস্থা চালু করা হয়েছে। যার ফলে এখন অফিস ফাঁকি কমে গেছে। কাজে গতিশীলতা আসছে। সময়মত সরকারি অফিসের কাজ শুরু হওয়ায় জাতী উপকৃত হচ্ছে। সেবা গ্রহিতারা আগের ছেয়ে অনেক বেশী সেবা পাচ্ছেন। ইতোমধ্যে সুনামগঞ্জের ৫টি উপজেলায় ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হচ্ছে, অন্য ৬টি উপজেলায় চলতি মাসেই স্থাপন করা হবে।’