স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী নিয়ে জেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। বুধবার দিনভর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় শিক্ষক, রাজনীতিবিদ, ডাক্তার সরকারি কর্মকর্তা ও সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ভার্চুয়্যালি যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।
উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী বিশেষ উদ্যোগের প্রত্যেকটি অত্যন্ত চমকপ্রদ উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেছেন, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর অনেক উদ্যোগ আছে। তবে তাঁর বিশেষ ১০ উদ্যোগ দেশকে বদলে দিয়েছে। এসব উদ্যোগকে আরও শাণিত করতে হবে।
মন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, সরকারের উদ্দেশ্য হচ্ছে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। তাঁর দক্ষ নেতৃত্বে দেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। মাঠে যারা কাজ করেন, তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সরকারের সব উদ্যোগকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, দেশকে আলোকিত করেছেন শেখ হাসিনা। ঘরে ঘরে বিদ্যুৎ তাঁরই উদ্যোগ। দেশের ঘরে ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ‘প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ: প্রেক্ষিত সুনামগঞ্জ’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম কুমার বনিক।
এসব উদ্যোগের জাতীয় প্রেক্ষিত বিষয়ে বিশেষ উপস্থাপনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উপপরিচালক (গবেষণা) মো. আরিফুজ্জামান।
কর্মশালা শেষে ১০ টি দলে ভাগ হয়ে প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগের উপর বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা। সেখানে ১০ টি উদ্ভাবনী খাতে স্থানীয় পর্যায়ে উন্নয়নে প্রস্তাবনা যুক্ত করেন তারা। এই প্রস্তাবনাগুলো পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাঠানোর কথা রয়েছে।