- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আধুনিক সমাজ নির্মাণে স্কাউটিংকে এগিয়ে নিতে হবে -বিভাগীয় কমিশনার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলাকে স্কাউটস উপজেলা ঘোষণা করা হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্কাউটস বিশ্বব্যাপী এক আন্দোলনের নাম। সমাজ বদলে স্কাউটস সদস্যদের ভূমিকা অপরিসীম। তিনি স্কাউটসের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘একটি সুন্দর সুশৃঙ্খল আধুনিক সমাজ নির্মাণে প্রতিটি শিক্ষা     প্রতিষ্ঠানে স্কাউটস কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।’ জগন্নাথপুর উপজেলার মতো স্কাউটস কার্যক্রম  সিলেটের সর্বত্র ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্কাউটসের মাধ্যমে শিক্ষার্থীরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার পাশাপাশি দেশ,সমাজ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে ।  
জগন্নাথপুর উপজেলাকে স্কাউটস উপজেলা ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও  শিক্ষক আব্দুল মালিকের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন, স্কাউটসের সুনামগঞ্জ জেলার কমিশনার ফয়জুর রহমান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরসালিন প্রমুখ। সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, হলিয়ারপাড়া মাদ্রাসা অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ।
এর আগে বিভাগীয় কমিশনার একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় বাউর কাপন গ্রাম উন্নয়ন সমিতির উঠান বৈঠকে যোগ দেন। সমিতির সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে তিনি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসাবে একটি বাড়ি একটি খামার প্রকল্পের গুরুত্ব বর্ণনা করে দারিদ্রতা বিমোচনে যথাযথভাবে প্রকল্প তহবিল ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এসময় জেলা প্রশাসক শেখ রফিকুলসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে বিআরডিবির উপপরিচালক মো. শামছুল ইসলাম প্রকল্প কর্মকান্ড সম্পর্কে বিভাগীয় কমিশনারকে অবহিত করেন।
পরে উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের আওতায় মিডডে মিল্ক কর্মসূচি চালু করণের লক্ষ্যে উপজেলার ৪৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৪ হাজার শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়। সিলেটের বিভাগীয় কমিশনার ড.মোছাম্মৎ নাজমানারা খানুম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সবাইকে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

  • [১]