- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আনকাট শাহ্ আব্দুল করিম

শাহ্ মীম
দিরাই থেকে নদীপথে ধল বাজারের দূরত্ব মাইল পাঁচেক- ধল বাজারের কাছেই ধল-আশ্রম একটি ছোট্ট গ্রাম। এক অচেনা অজানা অজপাড়া গাঁয়ে বাউল আব্দুল করিমের জন্ম। আজ থেকে ঠিক একশ বছর আগে ১৯১৬ সনের ১৫ই ফেরুয়ারী। পিতা ইব্রাহিম আলী। মাতা নাইয়র জান বিবি। পথ পরিবর্তনের অগ্রপথিক শাহ্ আব্দুল করিম ছিলেন দীক্ষা প্রাপ্ত সাধক। তাঁর মুর্শীদ কেবলা ছিলেন উকারগাঁও নিবাসী মওলা বক্স মুন্সী। তাঁর পীর ছিলেন বিশ্বনাথ (শ্রীপুর) এর হযরত ইব্রাহিম শাহ মাস্তান (মজররদ) (রাঃ)। বলাই বাহুল্য মুর্শীদ এবং পীরের সান্নিধ্যে এসে তিনি হয়ে উঠেছিলেন আরো শক্তিশালী, লীলাময়, অটল এবং চারিত্রিক মাধূর্য্যে পরিপূর্ণ ও প্রজ্ঞাময়। জীবনের শুরুতেই তাঁকে ধাক্কা খেতে হয়েছে দারিদ্রতার সঙ্গে। তাঁকে কঠিন বাস্তবতা আঁকড়ে ধরতে হয়েছে। কঠিন ঝঞ্ঝাপূর্ণ প্রতিকূলতা পারি দিতে হয়েছে একটা সময়। তাঁকে রাখতে হয়েছে গরু, মাঠে মাঠে গরু চড়ানো এবং সন্ধ্যায় পরিশ্রান্ত হয়ে ঘরে ফিরে আসা ছিল অসম্ভব শ্রম সাধ্য এক কঠিন সময়। তাঁকে কাজ করতে হয়েছে দোকানে মহাজনের অধীনে। যৌবনের শুরুতেই বিয়ে করেন কাঁচামালা বিবিকে। সে সংসার মাস দুই তিনেকের বেশী স্থায়ী হয়নি। পরে তাঁর সংসারে আসেন সরলা দেবী। তাঁর বাড়ী ছিল উকার গাঁওয়ে। সে সংসার স্থায়ী হয়েছিলো তাঁর জীবনে। শাহ্ আব্দুল করিমের ঔরশে ও সরলা দেবীর গর্ভে দুনিয়া আলো করে আসে ফুটফুটে শিশু পুত্র শাহ্ নূর জালাল। আমি তখন ক্লাস সিক্স কি সেভেনে পড়ি। আমাদের পাশের বাড়ীতে বাউল গানের আসর। ওই আসরে উপস্থিত হয়েছেন শাহ্ কামাল উদ্দিন ও শাহ্ আব্দুল করিম। আমি আম্মাকে বললাম আম্মা আমি বাউল গান দেখতে যাবো। আম্মা বললেন ঠিক আছে, পড়াশুনা সময় মতো শেষ করলে যাবে। সেকি উৎসাহ, আনন্দ, উদ্বেলতা কিশোর বয়সে রাতে হারিকেন নিয়ে একা পাশের বাড়ীতে যাওয়া গান শোনা ঠিক মনে রাখার মত শাহ্ আব্দুল করিম ওইদিন গেয়ে ছিলেন।
মুছ মুছ আইয়া বিলাইরে কয়
দুধ খাইবার যমরে ভাই
টেম ঠুম লইয়া বাছাবাছি
হিজল আর বরুন গাছে …
ওই দিনের গানের আসরের বিষয়ে অন্য কিছু আর মনে নাই। পরিণত বয়সে শাহ্ আব্দুল করিমের সঙ্গে যখন আমার দেখা হয় তখন তাঁর বাড়ী উজান ধলে। আমি নৌকা পথে ধল গ্রামের দিকে রওয়ানা দিলাম। অনুমান ঘণ্টা দুয়েক যাওয়ার পরে দেখলাম ধল গ্রাম। আমাদের নৌকা নদীর ঘাটে ভিড়লো। দেখলাম ঘাটে দাঁড়ানো বাউল শাহ্ আব্দুল করিম ও তাঁর একমাত্র চেরাগ নূর জালাল। দেখামাত্র সহাস্যবদনে আব্দুল করিম আমাদের অর্ভ্যথনা জানালেন, যেন তিনি আগে থেকেই জানতেন দিন, ক্ষণ, সময়। পরে শুনলাম এটা তাঁর রীতি। এটা তাঁর রেওয়াজ। এটা তাঁর কাউকে স্বাগত জানানোর ভাষা। আমরা তাঁর ঘরে গেলাম। বসলাম কিছুক্ষণ পরই শুরু হলো খাওয়া দাওয়ার পালা। ঘরের ভেতর থেকে এক মাঝারী বয়সের ভদ্রমহিলা খাবার দাবার সরবরাহ করছেন। আর মাঝে মাঝে উকি ঝুঁকি মারছেন। শাহ্ আব্দুল করিম তাঁকে আলতো করে ডাকছেন আর বলছেন “নূরুন নেছা এদিকে আস এদিকে আস” যাক স্বভাবজাত লজ্জার কারণে হয়তো সামনে আসছেন না। আব্দুল করিমও ছাড়ার পাত্র নন। নূরুন নেছা এদেরকে লজ্জা পাবার কোন কারণ নাই এদিকে আসগো- এরাতো আল্লাহর মেহমান। এবার আর নূরুন নেছা তাঁর ডাক উপেক্ষা করতে পারলেন না। আমাদের সামনে আসলেন। এই নূরুন নেছা এখনো বেঁচে আছেন। তিনি বাউল করীম পীর ছাবের শিষ্যা। বাড়ী হবিগঞ্জের বানিয়াচংয়ে। একমাত্র ছেলে নিয়ে স্থায়ী ভাবে তিনি নূর জালালের বাড়ীতেই বসবাস করছেন। বাউল আব্দুল করিমের সঙ্গে প্রথম দেখাতেই মনে হলো অনেকগুলো রবীন্দ্রনাথ তাঁর ভেতরে যুগপৎ ভাবে বসবাস করছেন। তাঁর পরিমিত কথাবার্তা, আলাপন, পরিশীলতা, হাসিমুখ সবকিছুই যেন ছিল ম্যাজিকাল। খাওয়া দাওয়ার পরে আমরা  মন্দিরে বসলাম। আলাপ আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিল আধ্যত্মবাদ। উনি শুধু একটা কথাই বললেন “আল্লাহু কুল্লে সাঈন মুহিতা” (আল্লাহ সর্ব ঘটে বিরজমান)। শাহ্ আব্দুল করিমের সাথে আমার দেখা তাঁর স্মৃতিভ্রষ্ট অবস্থায়। উনি এক কথা বারবার জিজ্ঞেস করতেন। আপনার বাড়ী সুনামগঞ্জে কোন জায়গায়- আরপিননগর। আপনার আব্বার নাম- পীর সরকুম আলী। আমি আগে সুনামগঞ্জ যেতাম নবাব মিয়ার বাসায় থাকতাম। উনি বার বার একই কথা ঘুরে ফিরে জিজ্ঞাস করছেন। উনি দেড় ঘণ্টা ভর একই কথা বারবার জিজ্ঞেস করতে লাগলেন। আমি ধৈর্য্য না হারিয়ে উত্তর দিতে থাকলাম। এক পর্যায়ে মাটিতে শুয়ে থাকা সফর সঙ্গী এডভোকেট মানিকের ঘুম ভেঙ্গে গেলো এবং সে জোরে জোরে হাসতে লাগলো। দেখলাম করিম সাহেবের কি রাগ। এমন জোরে ধমক দিলেন, মানিক চুপ হয়ে গেলো। করিম সাহেবের স্মৃতি ভ্রষ্ট অবস্থায় আমার সাথে মোট তিন বার দেখা হলো। দুবার তাঁর বাড়ীতে একবার সিলেটের ভার্থখলায়। সিলেটের ভার্থখলায় যাবার জন্য এবং করিম সাহেবের সাথে দেখা করার জন্য আমার ছোট বেলার বন্ধু ফারুকের পক্ষ থেকে অনুরোধ এসেছিলো। তাঁর গাড়ীযোগে করিম সাহেবের সাথে দেখা করতে গেলাম। দেখা হলো। চা খেলাম দুজনে। ওইদিন আবার তাঁকে সিলেটের ডক্টরস এসোসিয়েসন এর পক্ষ থেকে ত্রিশ হাজার টাকা দান করা হল। ‘চ্যালেন আই’ দান করল এক লক্ষ টাকা। সিলেট প্রবাসীদের তরফ তেকে তিন লক্ষ টাকা। আর একবার দেখা হল দিরাই এর উজান ধলে সরলার মৃত্যুবার্ষিকীতে। রাতে তাঁর এক রোগ হলো দরজা বন্ধ করা নিয়ে- বাবুল দরজা বন্ধ করেছো। হয় বাবা বন্ধ করেছি। দরজা বন্ধ করা নিয়ে বাবুলকে (নূর জালাল) অন্তত পঞ্চাশ বার জবাবদিহি করতে হতো। কচিৎ দু-একবার না শুনতে পেলে তিনি ভীষণ রাগ করতেন এবং নিজে উঠেই দেখতেন দরজা বন্ধ আছে কিনা। একবার বাবুলের স্ত্রীকে নিয়া ডাক্তারী চেকআপের জন্য দিরাই গেলেন। তিনি যখন বাড়ীতে ফিরে আসলেন করিম সাব বাবুলকে জিজ্ঞেস করলেন বাবুল আসছো বৌমাকে নিয়ে। হ্যাঁ বাবা। ডাক্তার দেখিয়েছো। হ্যাঁ বাবা। আমার মূহুরীর বেটাকে দেখতে গিয়েছিলে। তাঁকে অর্থাৎ মূহুরীর ব্যাটাকে (খেলু ভাই) ডাক্তার দেখিয়েছো। না বাবা, আমার কাছে তেমন টাকা ছিলো না। করিম সাব রাগ করে অনেকক্ষণ চুপ করে রইলেন এবং পরে গুরুগম্ভীর কণ্ঠে বললেন আমি হলে দিরাই লম্বা পুলে দাড়িয়ে ভিক্ষা করতাম এবং আমার মূহুরীর ব্যাটাকে ডাক্তার দেখিয়ে বাড়ীতে আসতাম। বাউল আব্দুল করিম তাঁর সহজিয়া জীবনে রচনা করেছেন অসখ্য কাব্যগ্রন্থ। এসব কাব্যে উঠে আসে তাঁর নিপুন হাতের রচনা। তাইতো এসব রচনা মাধুর্য্যে উঠে এসেছে আত্মপরিচয়, আল্লাস্মরণ, নবীস্মরণ, ওলিস্মরণ, মুর্শিদস্মরণ, ভক্তিগীতি, দেহতত্ত্ব, দেশের গান, আঞ্চলিক ও নিগুঢ় তত্ত্বের মত গুরুত্ববাহী ভাব গম্ভীর বিষয় গুলো। জ্ঞান তাপস শাহ্ আব্দুল করিমের নিপুন হাতের রচনায় উঠে এসেছে নিগুঢ় তত্ত্ব। শাহ্ আব্দুল করিম তাঁর রচনাকে সমৃদ্ধ ভান্ডারে রূপায়ন করেছেন কামের মত বিষয় বস্তুক বেছে নিয়ে- তাঁর রচনা হয়ে উঠেছে আরো বেশী প্রাচুর্য্যময় এবং প্রাণবন্ত। যেমন এ গানটি তাঁরই একটা নমুনা হিসাবে তুলে ধরা যায়।
কাম নদীর তরঙ্গ দেখে করে ভয়
ঘুর্ণিপাকে লাখে লাখে
ডুবছে মানুষ সবসময় ॥
নদীতে হয় নোনা পানি
কামকুম্ভীরের বসত জানি
যে হয়েছে পরশমনি
তারে দেখলে দূরে রয় ॥
সাধু জ্ঞানী আরিফ যারা
ওই নদীর ভাও জানে তারা
হয়ে রাজ হংসের ধারা
জল ফেলে দুধ বেছে লয় ॥
পড়িও না রিপুর ফাঁদে
ভক্তি রেখে মুর্শিদ পদে
পড়বে না কোন বিপদে
নিলে মুর্শিদ পদাশ্রয় ॥
আব্দুল করিম মূঢ়মতি
মুর্শিদ বিনে নাই তার গতি
কাঙ্গাল জেনে দাসের প্রতি
যদি মৌলার দেখা হয় ॥
কখনো বাউল শাহ্ আব্দুল করিম দীপ্ত পদভরে আগুয়ান হয়েছেন বায়ূ সাধনের কঠিন পথে। জ্ঞান সাগরের বালুকা বেলায় তিনি কুড়িয়েছেন জ্ঞান অনেকটা সৈকতে হেঁটে যাওয়া পর্যটকের মতো হয়ে উঠেছেন তম ভেদ করা স্বাত্তিক পুরুষ। তাঁর জীবন জুড়ে রয়ে গেছে সেই আকাঙ্খা- কিভাবে বৃত্ত ভেদ করে যাওয়া যায়। সাক্ষাত হবে পরম আরাধ্য বিধাতা পুরুষের সাথে। তাঁর এই জীবনভর চাওয়া পাওয়া যেন একাকার হয়ে গিয়েছিলো একটা বিন্দুতে। বলাই বাহুল্য তাঁর সদর্প উচ্চারণ ছিল ‘আমার ছয়ত্রিশ পাইক জানে ভালো চিন্তামণি কোন কুলেতে মাঝিগিরি জানি ভালো বলি ভয় পেয়নাকো ব্রজাঙ্গনা’। মায়ানদীতে কারাই বা বাদী? নদীর তিনটি সুতা কোন মিলন রেখায় গাঁথা হলো? সেই কথাগুলো নিপুন বুননে নিয়ে আসেন এভাবে-
সাঁতার না জানিয়া জলে দিওনা সাঁতার
মায়ানদী ছয়জন বাদী সে ঘাটে ত্রিবেনীর বাজার ॥
নদীর আছে তিনটি সুতা, তিন সুতা একযোগে গাঁথা
কুম্ভীরে ভাঙ্গিবে মাথা, বায়ূ সাধন নাইরে যার ॥
দমকলেতে দিয়া চাবি উদয় করো জ্ঞানের রবি
ঠিক রাখিও ধ্যানের ছবি দেখবে লীলা চমৎকার ॥
যোগ বুঝিয়া গেলেরে মন মনি-মুক্তা মিলে তখন
কেউ কিনে অমূল্য রতন কেউ করে ভবের ব্যাপার ॥
তিন দিনে তিন মহাজন মাল বিকায় অতি সন্ধানে
খরিদ করে ভক্তজনে অভক্তের নাই অধিকার ॥
করিম কয় সংসারেতে আসা-যাওয়া একই পথে
মন চলেনা গুরুর মতে কারে কি বলিব আর ॥
শাহ্ আব্দুল করিম সারারাত মালজোড়া গান গেয়ে সকালে একটি টাকাও পান নি। পাওয়ার চেষ্টাও করেন নি। যারা তাঁকে গানে আমন্ত্রণ জানিয়েছিল তারা সকালে উঠে যখন কোন টাকা জোগাড় করতে পারেন নি হাত কচলে কাচু মাচু করছেন। শাহ্ আব্দুল করিম কোন কিছু না বলেই দোতারা নিয়ে বাড়ীর দিকে রওয়ানা। ঘরে এসে আবার সেই অভাবের চির পুরাতন প্রতিচ্ছবি। এ যেন অন্যের কাছ থেকে পালিয়ে নিজের কাছে ফিরে আসা- বার বার ফিরে ফিরে আসা। পলাতক বিবরে নিজেকে লুকিয়ে রাখা। পশ্চাদপদ হয়ে অন্যকে বাঁচিয়ে দেয়া। লজ্জ্বার হাত থেকে অন্যকে রক্ষা করা। শাহ্ আব্দুল করিম সভ্যতার এক ক্রান্তি লগ্নে তাঁকে দেখিয়ে নাবলা কথাটি যেন বলছেন, ‘দেখো আমাকে ভালো করে বুঝেনাও শিখে নাও সেই বেদনাময় কথাটি আমার শিক্ষা নেই- জ্ঞান আছে। তোমাদের লালসা ডুবিয়ে দিয়েছে তোমাদের – আমি ডুবিনি। তোমরা কালকে জয় করতে পারনি। আমি কালজয়ী। বেঁচে আছি সবার মনে।’
লেখক পরিচিতি :- সুনামগঞ্জ বারের সিনিয়র আইনজীবী ও কবি জেসাস শামীম।
বই পরিচিতি :- ১. শাহ্ আব্দুল করিম রচনা সমগ্র সংকলন ও সম্পাদনা- শুভেন্দু ইমাম

  • [১]