স্টাফ রিপোর্টার
রাজনৈতিকভাবে বিপরীত মেরুতে অবস্থান থাকলেও পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের বিজয় ও উল্লাসে সবাই ছিলেন এক কাতারে।
শুক্রবার বিকালে স্টেডিয়াম মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পাটির
নেতাকর্মীদের মাঝে ছিল এই দৃশ্য।
খেলার দ্বিতীয়ার্ধে সুনামগঞ্জ সদর থানা প্রথম গোল করার পরপরই দর্শকদের সঙ্গে মাঠে নেমে আনন্দ উল্লাসে নিজেদের সম্পৃক্ত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। এসময় নেতাকর্মী ও সাধারণ দর্শক মাঠে নেমে পড়েন। ব্যারিস্টার ইমন মাফলার উড়িয়ে উল্লাস করেন ও দর্শক-নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা দেন।
একই সময়ে মাঠে নেমে দর্শকদের উৎসাহিত করেন জেলা জাপার আহবায়ক অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য পৌর মেয়র আয়ূব বখত জগলুল। তাঁরা ৩ জনেই হাত উঁচিয়ে দর্শকদের শুভেচ্ছা জানান।
এসময় মাঠের অতিথি আসনে বসা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুন নাহার বেগম শাহানাও হাততালি দিয়ে দর্শকদের সাথে যুক্ত হন।