স্টাফ রিপোর্টার
আনিসুর রহমান কামাল একজন অনুকরনীয় শিক্ষকের পাশপাশি একজন আদর্শ মানবিক মানুষ ছিলেন। সুনামগঞ্জের পিছিয়ে পড়া শিক্ষার মান উন্নয়নে তিনি কাজ করে গেছেন। শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তিনি বর্তমান গতানুগতিক ধারার বাইরে ছিলেন। তিনি প্রাইভেট পড়ানোর পক্ষে ছিলেন না। শিক্ষার্থীদের ক্লাসেই সবকিছু বুঝিয়ে দেয়ার চেষ্টা করতেন। তিনি ছিলেন একজন বিনয়ী, স্বল্পভাষি, নিপাট ভদ্রলোক। তার মধ্যে কোন উচ্ছাবিলাস ছিল না। যোগ্যতা থাকা সত্ত্বেও মাতা-পিতার সহচর্জ পাওয়ার জন্য তিনি বড় কোন চাকুরি করতে আগ্রহী ছিলেন না। তাদের পাশে থাকার জন্য হাই স্কুলে শিক্ষকতা করে জীবন পাড় করে দিতে চেয়েছেন। সুনামগঞ্জ সরকারি জুবিলী এবং এসসি গার্লস হাই স্কুলে তিনি প্রায় ২০বছর কাটিয়ে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সহিত্যে অনার্স-মাষ্টার্স করা আনিস কামাল বিদেশে কিংবা দেশে অন্য যে কোন বড় পেশায় নিজেকে নিয়োজিত করা অপার সুযোগ ছিল। সে লোভকে তিনি সংবরণ করেছেন। আদর্শ শিক্ষকের সন্তান হিসেবে নিজেকে একজন আদর্শ মানুষ, আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। নিজ আদর্শবলে ৪৫ বছরের ক্ষুদ্র জীবনে তিনি নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। তার মত শিক্ষক আমাদের সমাজে, শিক্ষায় পিছিয়ে পড়া আমাদের জেলায় অত্যন্ত প্রয়োজন ছিল। আনিস কামালের মৃত্যু সুনামগঞ্জের মানুষের জন্য অপূরণীয় ক্ষতি। এ ক্ষতি সহজে কাটিয়ে উঠার নয়।
সদ্য প্রয়াত সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনিসুর রহমান কামাল স্মরণে তার বন্ধু-সহপাঠীদের উদ্যোগে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
শনিবার সন্ধ্যায় শহীদ জগৎজ্যোতি মুক্তিযোদ্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ শোকসভার আয়োজন করা হয়।
সহপাঠী মাহমুদুল হাসান টিপুর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন প্রয়াত আনিস কামালের অগ্রজ বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক মেনেজমেন্ট (বিআইবিএম) এর সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান আলম, মরহুমের সহকর্মী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ, সোনালী ব্যাংকের এজিএম আবুল ফজল, সোনালী ব্যাংক তাহিরপুর শাখার ম্যানেজার মো. আব্দুল গফুর, আনিস কামালের সহপাঠী-বন্ধু অ্যাডভোকেট আমিরুল হক, অ্যাডভোকেট হাসান মাহবুব সাদি, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, অনিসিমাস চৌধুরী, মোমতাজুল হাসান আবেদ, হিমাদ্রী শংকর তালুকদার, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, জেলা পরিষদ সদস্য,অ্যাডভোকেট আবুল আজাদ রুমান, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছায়াদুর রহমান তালুকদার, অ্যাডভোকেট নেছার আহমেদ,ব্যবসায়ি হাজি মো. শাহজাহান, শিক্ষক গিয়াস উদ্দিন প্রমুখ।
শোকসভা যৌথভাবে সঞ্চালনা করেন আনিস কামালের সহপাঠী-বন্ধু অ্যাডভোকেট এনাম আহমেদ ও ডাচ বাংলা মোবাইল ব্যাংক কর্মকর্তা আশরাফ লিটন।
শোকসভায় আলোচনা পর্ব শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ষোলঘরস্থ বিলপাড় জামে মসজিদের ইমাম দোয়া মাহফিল পরিচালনা করেন।