দেওয়ান গিয়াস চৌধুরী
‘সরকারী সেবাগুলাকে জনমুখী করতে হবে। জনগণ ও সরকারী কর্মকর্তা -কর্মচারীদের মধ্যে একটি সেতু বন্ধন গড়ে তুলতে হবে, তবেই আমাদের কাজগুলো গণমানুষের কাজে লাগবে আর তাদের জন্য সেবামূলক কিছু করলে দিন শেষে আমরা নিজেরাও ভাল কাজের জন্য তৃপ্তি পাব’
বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলার সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশিনার মো. জামাল উদ্দিন এসব কথা বলেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আেয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার হারুন অর রশিদ ও জেলা সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুর মো. শাহরিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট সাবেরা আক্তার।
জনসেবা দিবসের প্রধান অতিথির বক্তব্যে মো. জামাল উদ্দিন আহমদ আরো বলেন,‘আন্তর্জাতিক জনসেবা দিবস উদযাপনের দিনে আমরা যারা সেবা দানে নিয়োজিত আছি দিন শেষে নিজেরা কি দিতে পারলাম সেটি ভেবে দেখতে হবে। ডিজিটাল বাংলাদেশ বিনিমার্ণে সরকারী কর্মকান্ডগুলোকে মানুষের কল্যাণে নিয়োজিত করতে হবে। সরকারী সুযোগ সুবিধাগুলোকে জনসম্মুখে তুলে ধরতে হবে। তবেই দেখবেন নিজের ভাল কাজের জন্য আত্মতৃপ্তি মিলছে। তিনি জেলার সকল সরকারী কর্মকর্তা-কর্মচারীদেরকে সেবামূলক মনোভাব নিয়ে নিজের দায়িত্ব পালন করতে আহবান জানান।
বিনামূল্যে টিকাদান
আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তর সুনামগঞ্জ সদর কর্তৃক বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচি ও কৃমির ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জমিরুন নেছা উচ্চ বিদ্যালয়ের মাঠে গবাদি পশু, ছাগল ও ভেড়াকে টিকা ও কৃমির ঔষধ বিতরণ ও পরামর্শ প্রদান করা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আজহারুল ইসলাম টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচি পরিচালনা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মোত্তালিব। কর্মসূচিতে টিকা প্রদান করেন সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মচারী রতন চন্দ্র সরকার ও মোখলেছুর রহমান।
ছাতক
সিলেট বিভাগের বিভাগীয় কমিশিনার জামাল উদ্দীন আহমেদ বলেছেন, সরকারী অফিস থেকে সাধারণ মানুষের উত্তম সেবা নিশ্চিত করতে সরকার যুগপোযোগী পদক্ষেপ নিয়েছে। বর্তমানে দাপ্তরিক সেবা ডিজিটাল পদ্ধতিতে জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। আইনী ও ভূমি সেবা সহজ ও প্রত্যক্ষ করতে সরকার অধিক গুরত্ব দিয়ে যাচ্ছে। মাটির কুঞ্জর মাধ্যমে ভুমি অফিসকে পরিণত করা হয়েছে একটি সেবামুলক প্রতিষ্ঠানে। ভুক্তভোগি ভুমি মালিকরা সহজেই উত্তম সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এই সেবা নিকেতন (মাটির কুঞ্জ)’র মাধ্যমে। বৃহস্পতিবার সকালে ছাতকে ভূমি অফিসের সেবা নিকেতেন(মাটির কুঞ্জ) আনুষ্ঠানিক উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।
উদ্বোধন শেষে তিনি ভূমি অফিসের বর্তমান কার্যক্রম দেখার জন্য অফিসের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। অফিসের রেকর্ডরুম, শ্রেণীবিন্যাসকৃত ফাইল ও নথিপত্র নিরীক্ষণ করে সেবা প্রদানের মান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। এসময় সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার ছানা, সহকারী কমিশনার(ভুমি) শেখ হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিকলাল দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ডাঃ রাজিব চক্রবর্তী, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাল আবেদীন, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, সুর্য্যরে হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগমসহ উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিভাগীয় কমিশনার কালারুকা ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান অদুদ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভা করেন।
তাহিরপুর
তাহিরপুরে পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মৎস্য অফিস ও প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে দিনব্যাপী মৎস্য হ্যাচারী মালিকদের পরামর্শ ও গবাদিপশুর বিনামূল্যে চিকিৎসা সার্ভিস প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার তানভির আহমদ ও উপজেলা প্রণী সম্পদ অফিসার সমাপন চাকমা।