- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আন্তর্জাতিক নাট্যোৎসবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাল্লার রুবেল শঙ্কর

পি সি দাশ, শাল্লা
ভাটির উপজেলা শাল্লার নাট্যাভিনেতা রুবেল শঙ্কর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নিতে যাচ্ছেন। আগামী ২০—২৬ জুন ফ্লোরিডায় এএসিটি ওয়ার্ল্ড ফেস্টে দেশের অন্যতম শীর্ষস্থানীয় নাট্য সংগঠন লোক নাট্যদলের তপস্বী ও তরঙ্গিনী নাটকে অভিনয় করবেন তিনি। এ উদ্দেশ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট একটি দল ১৯ জুন যুক্তরাষ্ট্র যাবে। বুদ্ধদেব বসু রচিত তপস্বী ও তরঙ্গিনী নাটকটি নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। বাংলাদেশের লোক নাট্যদল ছাড়াও ব্রাজিল, ফ্রান্স, ইটালী, সুইজারল্যান্ড সহ ১১টি দেশের নাট্য সংগঠন এই উৎসবে তাদের প্রযোজনা উপস্থাপন করবে।
উল্লেখ্য, রুবেল শঙ্কর লোক নাট্যদলের অন্যতম একজন সংগঠক ও অভিনেতা। ইতোপূর্বে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপ ও এশিয়ার অনেকগুলো নাট্যোৎসবে অংশ নিয়েছেন। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের একই উৎসবে অর্জন করেছেন সম্মানজনক পুরষ্কার। দেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক কঞ্জুস সহ লোক নাট্যদলের নিয়মিত প্রযোজনাসমূহে প্রায় দুই যুগ ধরে অভিনয় করছেন তিনি।
রুবেল শঙ্কর শাল্লার আটগাঁও ইউনিয়নের মামুদনগর গ্রামের শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক শিবেন্দ্র কুমার তালুকদারের ছেলে।

  • [১]