- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আন্তর্জাতিক সিলেট উৎসব শুরু

সু.খবর ডেস্ক
ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং জাঁকজমকপূর্ণ পরিবেশে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা আয়োজিত দুদিনব্যাপী আন্তর্জাতিক সিলেট উৎসব সোমবার থেকে সিলেটে শুরু হয়েছে। চা বাগানঘেরা লাক্কাতুরাস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন করেন উৎসবের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। জাতীয় ও সংগঠণের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, রংবেরংয়ের বেলুন ও কবুতর উড়ানোর মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানস্থলে উৎসব ফলকও উন্মোচন করেন শিক্ষামন্ত্রী। পরে থিম সংগীত পরিবেশন ও দলীয় নৃত্য পরিবেশন করা হয়। জালালাবাদ এসোসিয়েশন ঢাকা-এর সভাপতি সি এম তোফায়েল সামির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, সিলেট কর্মসূচী সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারী  জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
এসোসিয়েশনের সহসভাপতি কাইয়ুম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ড. জিয়াউল হাসান মুন্না ও ফাহিমা খানম চৌধুরী মনির পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- আল হারামাইন পারফিউম গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির, অল ইন্ডিয়া ফেডারেশন-এর সভাপতি শ্রীমতি কৃষ্ণা দাশ, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা-এর সহসভাপতি আবদুল মজিদ চৌধুরী এবং সিলেট পর্যায়ের বাস্তবায়ন কমিটির আহবায়ক আবু হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিল্পপতি আলিমুস সাদাত চৌধুরী, গীতা পাঠ করেন শ্রীদেবী প্রসন্ন আচার্য। অনুষ্ঠানে বিভিন্ন উপকমিটির কর্মকর্তাদেরকে পরিচয় করিয়ে দেন পোর এন্ড কো অর্ডিনেশন কমিটির আহবায়ক ডা. মঞ্জুরুল হক চৌধুরী। অনুষ্ঠানে শিক্ষাবিস্তারে অবদান রাখায় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদকে জালালাবাদ স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়া প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ উৎসব স্মারক মেঘপাহাড়ের কোলে-এর মোড়ক উন্মোচন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিলেট বিষয়ক বক্তৃতামালা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো. আব্দুল আজিজের সভাপতিত্বে সিলেটের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন  শীর্ষক সেমিনারে  মূল বক্তব্য রাখেন ব্র্যাক-এর ভাইস চেয়ারম্যান ড. আহমদ মোশতাকুর রাজা চৌধুরী। আলোচনায় অংশ নেন প্রখ্যাত অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমদ। জাতীয় অধ্যাপক ডা. এম মালিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আহমদ আল সাবির, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. মোরশেদ আহমদ চৌধুরী। সিলেটের সাহিত্য ও সংস্কৃতির ধারা শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী এবং আলোচনায় অংশ নেন কবি নৃপেন্দ্রলাল দাশ, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো দেশ-বিদেশের অংশগ্রহণকারী অতিথিবৃন্দের সাথে সৌহার্দ্য বিনিময় সভা ‘প্রজন্মের কথামালা’, ডকুমেন্টারি প্রদর্শণ, দেশ বিদেশের ও সিলেটি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • [১]