স্টাফ রিপোর্টার, তাহিরপুর
কার্তিক মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত বৌলাই নদীর পানি কম ও ঘোলাটে থাকার কারণে তাহিরপুর উপজেলা সদর ও আশপাশের লোকজনের গোসল করার একমাত্র উপযুক্ত স্থান হলো তাহিরপুর উপজেলা পরিষদ পুকুর। এ বছর হেমন্তাকাল শুরু থেকেই সমস্ত পুকুর জুড়ে জমে আছে এক ইঞ্চি পরিমাণ শেওলা। শেওলার আয়ুস্কাল দীর্ঘ হওয়ার কারণে সম্প্রতি পুকুরের পানি থেকে পঁচা দুর্গন্ধ বেরুচ্ছে। অপরদিকে সমস্ত পুকুর জুড়ে প্লাস্টিক বোতল ও পলিথিনে সয়লাব হয়ে আছে। এগুলো পানিতে ভেসে ওঠায় উপজেলা পরিষদসহ আশপাশের পরিবেশ বিনষ্ট হচ্ছে। স্থানীয় লোকজনকে বাধ্য হয়েই এই পঁচা পানির মধ্যে গোসল সারতে হয়।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাস্মীর রেজা বলেন, ‘তাহিরপুর
উপজেলা পরিষদের পুকুরটি তাহিরপুর উপজেলার সৌন্দর্য্য বৃদ্ধি করেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত পর্যটকরা এ পুকুরটির প্রশংসায় পঞ্চমুখ। উপজেলা প্রশাসন কেন এটিকে সংস্কার করছেন না তা বোধগম্য নয়।’
তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, ‘সম্প্রতি পুকুরটির পানি পরিস্কারের জন্য জিওলাইট প্রয়োগ করা হয়েছে। তাতেও পানি পরিস্কার হয়নি। কিভাবে পুকুরের পানি পরিস্কার করা যায় তা নিয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলব।’ তিনি আরো জানান, ২৫০ শতক জায়গার উপর পুকুরের অবস্থান থাকার কারণে পুকুরটি মাছ চাষের জন্য খুবই উপযোগী।’