- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আবারও আ.লীগের আকমল বিএনপি’র আতাউর?

বিশেষ প্রতিনিধি ও জগন্নাথপুর অফিস
প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে এবারও আওয়ামী লীগের হয়ে লড়তে পারেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন এবং বিএনপি’র হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারেন বিগত উপজেলা পরিষদ নির্বাচনের নিকটতম প্রতিদ্বন্দ্বি আতাউর রহমান। বিএনপি’র একাধিক দায়িত্বশীল নেতা বলেছেন,‘আমাদের প্রার্থীকে বিগত নির্বাচনে নানা কৌশলে হারানো হয়েছে। তিনি-ই জনপ্রিয়, সুতরাং অন্য প্রার্থী খোঁজার প্রয়োজন নেই’। অন্যদিকে, আওয়ামী লীগের একাধিক প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় থাকলেও বিএনপি’র শক্তিশালী প্রার্থী আতাউর রহমানকে মোকাবিলায় নতুন প্রার্থী দিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না দলীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা বলেছেন,‘আমরা গ্রুপিং এড়িয়ে এক প্রার্থী করার চেষ্টা করছি, সে ক্ষেত্রে নির্বাচন থেকে যারা সরে দাঁড়াবেন, তাঁদের ত্যাগ বিবেচনায় রেখে অন্যভাবে মূল্যায়ন করা হবে’।
শুক্রবার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা ও পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক’র নাম চেয়ারম্যান পদে প্রস্তাব করা হয়।
অন্যদিকে, স্থানীয়ভাবে আজিজুস সামাদ আজাদ ডন অনুসারি হিসাবে পরিচিত দলের আরেকটি অংশ চেয়ারম্যান পদে প্রার্থী নির্ধারণের জন্য আলাদা বৈঠক করেছে।
বিএনপি’র উপজেলা কমিটি আগামী কাল রোববার সম্ভাব্য প্রার্থী তালিকা জেলায় পাঠাবে। তবে দলটির একাধিক সূত্র জানিয়েছে বিএনপি’র কেন্দ্রীয় এবং জেলা নেতারা আতাউর রহমানকে প্রার্থী      
করার বিষয়টি নিশ্চিত করে রেখেছেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রার্থী ঘোষণা দেবার জন্য অপেক্ষা করছেন দলের নেতারা।
প্রসঙ্গত. ২০০৯ সালের ২২ জানুয়ারী জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭২ ভোটের ব্যবধানে বিএনপি’র প্রার্থী আতাউর রহমান বিজয়ী হন। কিন্তু নির্বাচনে উপজেলার শাহারপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র যথাযথ প্রক্রিয়া ছাড়াই শাহাড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করায় আদালতে মামলা করেন আওয়ামী লীগ প্রার্থী আকমল হোসেন।
পরে নির্বাচন কমিশন দুই বিজয়ী ভাইস চেয়ারম্যানের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে এবং ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন  বিচারবিভাগীয় তদন্ত করে সিদ্ধান্ত ঘোষণা করেন উপজেলার ৬০ নম্বর শাহারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পূন:ভোট গ্রহণ হবে।  নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি নেতা আতাউর রহমান হাইকোর্টে রিট করেন। এই রিটের প্রেক্ষিতে ২৫ মে হাইকোর্ট নির্বাচন স্থগিত করে কেন আতাউর রহমানকে চেয়ারম্যান নির্বাচিত করা হবেনা এই মর্মে নির্বাচন কমিশনের উপর রুল জারী করেন। দীর্ঘ আইনী লড়াই শেষে হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের দায়ের করা রিট আবেদন খারিজ করে দেন। ফলে নির্বাচন কমিশনের বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে উপজেলার ৬০ নম্বর শাহারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণে আইনী বাধা অপসারিত হয় এবং ওই কেন্দ্রে ২০১০ সালে পুনঃ নির্বাচন অনুষ্ঠিত হয়। পুনঃনির্বাচনে আকমল হোসেন ৩১০ ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন।
বিএনপি’র দায়িত্বশীল একাধিক নেতা জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীতার বিষয়ে বলেছেন,‘আমাদের প্রার্থী খোঁজার প্রয়োজন নেই। কেবল গঠনতন্ত্র অনুযায়ী প্রার্থী ঘোষণা দেব আমরা’।
বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির প্রথম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন,‘আমরা প্রার্থী নির্ধারণের প্রক্রিয়ায় আছি। প্রার্থী তালিকা আগামীকাল উপজেলা কমিটি জেলায় পাঠাবে এবং কালই (রোববার) কেন্দ্রে তালিকা পাঠাব আমরা। কেন্দ্রীয় দায়িত্বশীলরা এই তালিকা পেয়ে যাচাই-বাছাই করে প্রার্থী ঘোষণা করবেন’।
অন্যদিকে, আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিষয়ে দলের দায়িত্বশীলদের কেউ কেউ মনে করছেন নতুন প্রার্থী দেওয়ার চেয়ে পুরাতন প্রার্থী আকমল হোসেন হলেই ভাল হবে। আবার কেউ কেউ মনে করছেন, ঐক্যবদ্ধভাবে নতুন প্রার্থী দিলেও ফলাফল খারাপ হবে না।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন অবশ্য বলেছেন,‘কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক উপজেলা কমিটি রেজুলেশন নিয়েছে। স্থানীয় সংসদ সদস্যের পরামর্শ নিয়ে ঐ রেজুলেশন থেকেই নাম কেন্দ্রীয় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে পাঠাবে জেলা কমিটি। পরে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড প্রার্থী ঘোষণা করবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই’।

  • [১]