টিপু সুলতান, দিরাই
দিরাইয়ে ফসলরক্ষা বাধের কাজ নিয়ে পাউবোর প্রকৌশলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জনপ্রতিনিধিরা। বুধবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি, পিআইসির সভাপতি, তদারকি কমিটির সদস্যদের নিয়ে হাওর রক্ষা বাঁধের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় তারা এমন অভিযোগ তুলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র মোশাররফ মিয়া, পাউবোর নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন আহমদ, উপবিভাগীয় প্রকৌশলী খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান নুরুল হক, আব্দুস ছালাম, জাহাঙ্গীর চৌধুরী, পাউবো’র এসও শহীদুল্লা, মাহমুদুল করিম, পিআইসির সভাপতি সোহেল মিয়া, আতাউর রহমান, সুজাত আহমদ প্রমুখ। সভায় তাড়ল ইউপি চেয়ারম্যান নুরুল হক তালুকদার বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের কাজ করে আমরা চার কিস্তিতে টাকা পাই। শেষ কিস্তির টাকা ফসল কাটা-মাড়াইয়ের মাস খানেক পর দেয়া হয়। তবে আগাম বন্যায় হাওরের ফসল ডুবলে শেষ কিস্তির টাকা আর পাওয়া যায় না। এটা পাউবোর কোন ধরনের নিয়ম, কেমন পলিসি।’ তিনি আরও বলেন,‘পাউবো’র কর্মকর্তারা টাকা নিজের পকেটে রেখে প্রতিদিন চাপ প্রয়োগ করে কাজ আদায় করবেন, প্রাপ্য টাকা দেবেন না এটা অবিচার।’ তিনি প্রশ্ন তুলেন,‘কোন প্রকল্পের বিপরীতে কত টাকা বরাদ্দ হয়েছে তা আমাদের জানানো হয় না। এমন লোকচুরির অর্থ কি।’ তিনি আরো অভিযোগ করেন, কাজ হচ্ছে দিরাই’র হাওরে আর কাজের টাকা উত্তোলনের জন্য ব্যাংক একাউন্ট খুলতে হবে সুনামগঞ্জে গিয়ে এর অর্থ আমরা বুঝতে পারছি না।
জগদল ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন,‘ঠিকাদাররা এস্কেবেটর দিয়ে বাঁধের উভয়পাশের একেবারে গোড়া থেকে মাটি তুলছেন। বৃষ্টি হলেই বাঁধের মাটি যেখান থেকে তোলা হচ্ছে পুনরায় সেখানে চলে যাবে। পাউবো’র মাঠ প্রকৌশলীদের কাছে জানতে চাইলে তারা বলেন, এটা বোর্ডের সিদ্ধান্ত। এতে অর্থের সাশ্রয় হয়।’
টাকা বাঁচানোর জন্য এস্কেভেটর দিয়ে মাটি কাটানো হয়েছে জেলা পাউবো’র নির্বাহী প্রকৌশলীর এমন কথায় উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেন,‘হাজার হাজার শ্রমিকের অন্নের সংস্থান যেখানে জড়িত সেখানে টাকা বাঁচানোর জন্য এস্কেভেটর ব্যবহার করা হচ্ছে অন্তত পাউবো’র ক্ষেত্রে তা কেউই বিশ্বাস করবে না। কারণ ওই এলাকার জনগণ পাউবোকে লুটেরা হিসেবেই চেনে। কাজের মাধ্যমে আপনারা জনগণের এমন অভিযোগ এখনো খন্ডন করতে পারেন নি। জনগণ প্রতিবাদমূখর হয়ে ওঠলে কোনো ভাবেই তাদের সামাল দিতে পারবেন না।’
কয়েক দফা সময় বাড়িয়েও বাঁধের কাজ ৪০ ভাগও হয় নি উল্লেখ করে পৌর মেয়র মোশাররফ মিয়া বলেন, ‘৭০/৭৫ ভাগ কাজ হয়েছে, পাউবো-পিআইসির এমন দাবি হাস্যকর। অনেক পিআইসি নিজেদের খেয়ালখুশি মতো কাজ করাচ্ছেন। কোনো প্রকল্পেই সাটানো হয় নি সাইনবোর্ড। এখনও বরাম হাওরের ঝুঁকিপূর্ণ তোফানখাড়ি, বোয়ালিয়া, মাচ্চুয়ার খাড়া বাঁধের ভাঙ্গনকবলিত অনেকস্থানে মাটি ফেলা হয় নি। আগাম বন্যায পানিতে হাওরের ফসল ডুবলে পিআইসি- পাউবোর কর্মকর্তা কাউকে খোঁজে পাওয়া যায় না এমন মন্তব্য করে তিনি ২০১০ সালে অকাল বন্যায় ফসলহানির স্মৃতিচারণ করে বলেন, বাঁধের কাজে গাফিলাতির কারণে এধরনের পুনরাবৃত্তি হলে জনগণ কাউকে ছাড় দেবে না।’
রফিনগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী বলেন,‘কালিকোটা হাওরের দরপত্রের মাধ্যমে ৮১ লাখ টাকা ব্যয়ে যেখানে বাঁধ হচ্ছে সেখানে বাঁধের কোনো প্রয়োজনই ছিল না।
এ প্রসঙ্গে পাউবোর নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন বলেন,‘এটা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অগ্রাধিকার প্রকল্প। এডিবির অর্থায়নে ২০১০ সালে প্রকল্পটি অনুমোদিত হয়। এ প্রকল্প বাতিলের কোনো সুযোগ নেই। সভায় তৃতীয় কিস্তির টাকা চেকের মাধ্যমে রবিবারের মধ্যে ছাড় দেয়া হবে বলে পিআইসির সভাপতিদের আশ্বস্থ করেন তিনি।
পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দেয়া হলে বাঁধের কাজ নিয়ে আমরা সফল হতে পারবো এমন আশাবাদ ব্যক্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন,‘বাঁধের কাজ নিয়ে প্রতিদিন পত্রিকার পাতায় শুধু নেতিবাচকই নয় ইতিবাচক রিপোর্টও হচ্ছে। এসব রিপোর্ট পাউবোর কর্মকর্তারা দেখেন না। অথচ রিপোর্টের অনেকদিক নজরে আনা হলে কাজের মান আরও বাড়ানো যেত। বাঁধের কাজে উর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, ৮ দিনের মধ্যে প্রতিটি পিআইসিকে বাঁধের কাজ সম্পন্ন করতে হবে। পাউবোর মাঠ প্রকৌশলীদের নজরদারি বাড়াতে হবে অত্যধিক ঝুঁকিপূর্ণ বাঁধগুলোতে। কাজের অগ্রতির রিপোর্ট প্রতিদিন উপজেলা প্রশাসনকে অবগত করতে হবে। পর্যাপ্ত বাঁশ এবং বস্তা উপজেলায় মজুদ রাখতে হবে। প্রয়োজনের সময় যাতে হাতের নাগালে এগুলো পাওয়া যায়।’