- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আবারও দোয়ারায় শিশু নির্যাতন পাঁচটি দাঁত উপড়ে ফেলল পাষণ্ড মামা

আশিক মিয়া, দোয়ারাবাজার
নির্যাতনের পর এক শিশুর পাঁচটি দাঁত উপড়ে ফেলল তারই পাষন্ড মামা। বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ধরমপুর গ্রামে এ বর্বর ঘটনাটি ঘটেছে। নির্যাতনের শিকার শিশু তাজুল ইসলাম (১০) সদর ইউনিয়নের রাখালকান্দি গ্রামের মৃত.হারুন মিয়ার ছেলে। সে টেবলাই হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে তাজুল ইসলাম মাদ্রাসা থেকে তার নানার বাড়ি ধরমপুর যায়। সেখানে যাবার পর তার মামা ফজলে রাব্বি (২৫) তাকে জিজ্ঞেস করে, তুই মাদ্রাসা থেকে কেন ভেগে এসেছিস?  তাজুল ইসলাম মামার প্রশ্নে অনেক সময় নিরব ছিল। পরের দিন বৃহস্পতিবার সকালে মামা ফজলে রাব্বি বৈদ্যুতিক তার দিয়ে একটি চাবুক বানিয়ে এলোপাতাড়িভাবে ভাগ্নে তাজুলকে মারতে থাকে। মারধরের এক পর্যায় পাষন্ড মামা এক এক করে তার পাঁচটি দাঁত ওই চাবুক দিয়ে প্যাঁচিয়ে উপড়ে ফেলে। তাজুল অনেক কাকুতি মিনতি ও চিৎকার করলেও মামার বর্বর নির্যাতন থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। খবর পেয়ে তাজুলের সৎ বোন এবং সৎ মা রাখালকান্দি থেকে রক্তাক্ত অবস্থায় তাকে চিকিৎসার জন্য দোয়ারাবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তার চিকিৎসা হয়নি। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে ভর্তি করার পরামর্শ দেন।
তাজুল ইসলামের দাঁত এমনভাবে উপড়ানো হয়েছে যে সে কাঁদতে পর্যন্ত পারছে না, তার সামনের পাটির একটি দাঁতও নেই। কথা বলতে পারছিল না রক্তে তার মুখ ভরে যাচ্ছিল । ঘটনার পর  থেকেই পাষন্ড মামা ফজলে রাব্বি বাড়ি ছেলে পালিয়ে গেছে। এমন বর্বরোচিত ঘটনা এলাকায় জানাজানি হওয়ার পর এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে রাব্বির কঠিন শাস্তির দাবি করেছেন। আহত তাজুল ইসলাম বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে টেবলাই হাফিজীয়া মাদ্রাসার প্রধান হাফেজ মাও.নুরুল হক বলেন, ‘এরকম অমানবিক ঘটনা করা রাব্বির মোটেও ঠিক হয়নি। তাজুল ইসলাম আমার মাদ্রাসার ছাত্র, সে আমার মাদ্রাসায় থাকত, খুবই নিরিবিলি ছিল তাজুল ইসলাম। একটি নিস্পাপ শিশুকে এভাবে নির্যাতন করা হয়েছে ভাবাই যায়না। কি এমন দোষ করেছিল সে যে কারণে তার পাঁচটি দাঁত তুলে দিতে হল। আমরা প্রশাসনের কাছে এধরনের জঘন্যতম ঘটনার কঠিন বিচার চাই।’
দোয়ারাবাজার থানার ওসি সেলিম নেওয়াজ বলেন, ‘শিশু তাজুল ইসলামের উপর নির্যাতনকারী রাব্বী বর্তমানে পলাতক রয়েছে। আমরা তাকে গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

  • [১]