স্টাফ রিপোর্টার
শহরের আব্দুজ জহুর (সুরমা) সেতু সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লেগুনা-সিএনজি চালকদের সাথে ভাড়াটে মোটর সাইকেল চালকদের মধে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুর রহমান নামে এ লেগুনা চালক গুরুতর আহত হয়েছেন। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ-তাহিরপুর সড়কে পৃথক পৃথক স্থানে ৪টি সিএনজি ও ১ লেগুনা ভাংচুর করেছে বিক্ষুব্ধ মোটর সাইকেল চালকরা। বুধবার বিকেলে তাহিরপুর থেকে সুনামগঞ্জ আসার পথে লালপুর, রাধানগর, ছালবন পয়েন্টে পৃথকভাবে এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায় ,দীর্ঘদিন যাবৎ আব্দুজ জহুর সেতুর উপরে গাড়ি পাকিং নিয়ে মোটর সাইকেল চালক ও লেগুনা-সিএনজি চালকদের মধ্যে বিরোধ ছিল। পূর্ব বিরোধের জের ধরে বুধবার সকলের দিকে উভয় চালকদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে বিক্ষুব্ধ মোটর চালকরা বিকেলে তাহিরপুর-সুনামগঞ্জ আসা যাত্রীবাহি লেগুনা-সিএনজিতে এলোপাথারি হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে।
জেলা অটো টেম্পু হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি মো. তাজিদুর রহমান জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। মোটর সাইকেল চালকরা আমাদের ৫ টি যানবাহন ভাংচুর করেছে। আমাদের একজন চালককে আহত করেছে। ঘটনাটি আমরা অতিরিক্ত পুলিশ সুপারকে অবহিত করেছি। তিনি ব্যাপারটি দেখবেন বলে আমাদের জানিয়েছেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, দুই পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়েছে বলে শুনেছি। তারা থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশ সুপার বরাবরে স্মারকলিপির আদলে একপক্ষ অপর পক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছে। উত্তেজনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন ছিল। থানায় যথা নিয়মে অভিযোগ করলে আমরা এ ব্যপারে প্রয়োজনীয় উদ্যোগ নেব।