- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আমন ধান কেনা শুরু

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে সরকারীভাবে আমন ধান কেনা শুরু হয়েছে। বুধবার বিকালে শহরের মল্লিকপুরে জেলা খাদ্য গুদাম কার্যালয়ের সামনে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, অতিরিক্তি জেলা প্রশাসক হারুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. এমরান হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো.সফর উদ্দিন, সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা প্রমুখ।
ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্টানে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, এবার প্রকৃত কৃষকরা যাতে ধান দিতে পারে, সেজন্য নানা উদ্যোগ নেয়া হয়েছে। প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরী করা হয়েছে। ইতিমধ্যে জেলার এক লাখ কৃষকের তালিকা করা হয়েছে। সরকার কৃষককে ধানের ন্যয্য মূল্য দিতে আন্তরিক। মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কারণে কৃষকরা যাতে ধানের ন্যয্যমূল্য থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল থাকতে হবে।
অনুষ্ঠানে জানানো হয় জেলায় এবার আমন ধান কেনা হবে ৮ হাজার ১১৮ টন। আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ধান কেনা চলবে। ধান সংগ্রহের প্রথম দিনে বিভিন্ন উপজেলার কৃষকদের কাছ থেকে ৩৫ মণ ধান ক্রয় করা হয়েছে।
তাহিরপুর
তাহিরপুরে আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার বিকেলে আভ্যন্তরীন আমন সংগ্রহ ২০১৯-২০২০ এর আওতায় ধান সংগ্রহের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি।
উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা কৃষি অফিসার হাসান-উদ-দৌলা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গোদাম কর্মকর্তা মনধন দাস প্রমুখ।
তাহিরপুর উপজেলা খাদ্য গোদাম কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর তাহিরপুর উপজেলা খাদ্য গোদামে উপজেলার ৬টি ইউনিয়ন হতে ৬৫৩ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে।

  • [১]