ব্যাকগুলো আমানতকারীদের সুদহার ব্যাপকভাবে হ্রাস করার প্রবণতা অব্যাহত রাখায় এবার খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইষৎ উদ্বেগ প্রকাশ করে আশংকা ব্যক্ত করেছেন যে, সুদহার হ্রাস করার কারণে ব্যাংকিং খাত তারল্য ঝুঁকিতে পড়ে যেতে পারে, অন্যদিকে আমানতকারীদের সঞ্চয় ভোগ ও অনুৎপাদনশীল ব্যয় কিংবা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ব্যয়িত হয়ে যেতে পারে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীগণের নিকট পাঠিয়েছে। সার্কুলারে ব্যাংকগুলোর অব্যাহত সুদ হার কমানোর প্রবণতা থেকে বেরিয়ে আসার পরামর্শ দেয়া হয়েছে। এখন ব্যাংকিং খাতে আমানতকারীদের ৪ থেকে ৬% এর বেশি সুদ দেয়া হয় না। প্রাপ্ত সুদের উপর ১০ থেকে ১৫% উৎসকর কর্তনের ফলে এই হার ৪ শতাংশের নীচে নেমে যায়। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ মতে সুদের এই হার মুদ্রাস্ফীতির হারের চাইতে নীচে। সুদহার মুদ্রাস্ফীতির নীচে থাকার অর্থ হলো আমানতকারীদের মূল অর্থ অবক্ষয়িত হয়ে পড়া। সুতরাং আমানতকারীরা কেন ব্যাংকে রেখে নিজেদের সঞ্চয়ের অবক্ষয় ঘটাবেন? অন্যদিকে আমানতকারীরা যদি ব্যাপকভাবে আমানত প্রত্যাহার করে নেন তাহলে ব্যাংকগুলো বিনিয়োগ করবে কীভাবে? ব্যাংকিংখাতে আমানতকারীদের অধিকাংশই প্রবাসী, পেনশনার, মধ্যবিত্ত, বিভিন্ন প্রতিষ্ঠান। আমানতকারীদের একটি বড় অংশ প্রাপ্ত সুদের টাকা দিয়ে নিজেদের সংসার পরিচালনা করেন। এই অর্থবছরের শুরুতেই যখন সঞ্চয়পত্রসহ বিভিন্ন আমানতের সুদহার হ্রাস করা হয় তখন থেকেই এই মুনাফানির্ভর মধ্যবিত্তরা চরম বিপাকে পড়ে গেছেন। একদিকে বাজারে ব্যাপক মূল্যস্ফীতি অন্যদিকে প্রকৃত আয় কমে যাওয়া এমন জটিল অবস্থায় পড়ে তারা দিশেহারা। এদের আর্তনাদ কিংবা আহাজারি আমাদের অর্থনৈতিক চরিত্রের কাঠিন্যকে সামান্যতম দরদী করে তুলতে পারে নি।
আমানতকারীদের এই ধরনের চাপে ফেলে দেওয়ার উল্টো দিকের চিত্র হলো ব্যাংকিংখাত থেকে ঋণ হিসেবে নেয়া হাজার হাজার কোটি টাকা কুঋণে পরিণত হওয়া ও ঋণের নামে ব্যাপক জাল-জালিয়াতির মাধ্যমে লুটপাট করা। বৃহস্পতিবারের দৈনিক প্রথম আলোর একটি সংবাদের তথ্য মোতাবেক জানা যায়, বিকেবি একটি কোম্পানির জনৈক মৃত পরিচালকের নামে ঋণ মঞ্জুর করেছে। ব্যাংকগুলো খেলাপী ঋণ আদায়ে রীতিমতো ব্যর্থ হয়েছে। অর্থাৎ যে যুক্তিতে আমানতকারীদের সুদহার কমানো হয়েছে তা অর্থাৎ দেশে একটি নীতিবান বিনিয়োগ কাঠামো সৃষ্টি করা হয়ে উঠে নি। উল্টো আমানত হাওয়া করার প্রবল একটি বাস্তবতা এখানে সক্রিয় রয়েছে। এই দ্বিমুখী নীতি হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে গণমুখীতার অভাব। এই অর্থনীতি সাধারণ মানুষের পরিবর্তে ধনীদের স্বার্থ রক্ষায় বেশি সক্রিয়। আমাদের উচিৎ কাজ হবে অর্থনীতির এমন ধনীতোষণ নীতির বিরোধিতা করা।
শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক যে উপলব্ধিতে পৌঁছেছেন, আমরা আশা করি তারা সেটি দেশের ব্যাংকগুলোর মাধ্যমে বাস্তবায়ন করাতে পারবেন। শীঘ্রই আমানতের বিপরীতে সুদের হার না বাড়ালে আমাদের ব্যাংকিং খাত তথা অর্থনীতি ব্যাপক সংকটের মধ্যে পড়বে। সংকটে একবার পতিত হলে সেখান থেকে উদ্ধার পাওয়া কঠিন হবে। তাই সংকট গভীর হওয়ার আগেই উত্তরণের দিকে অগ্রসর হওয়া হবে বুদ্ধিমানের কাজ। সুদের হার বাড়ানোর অর্থ হলো দেশের লক্ষ লক্ষ বৃদ্ধ, মহিলা ও সাধারণ মধ্যবিত্ত পরিবারের জীবনকে আয়হ্রাসের অন্ধ গর্ত থেকে টেনে তোলা। একটি দেশের অর্থনীতি শ্রেণি নির্বিশেষে তার সকল নাগরিকের ভাল-মন্দের বিষয়টি খেয়ালে রাখবে। সাধারণ মানুষই দেশ গড়ে তুলে, তারাই দেশের মূল কারিগর ও ভোক্তা। অর্থনীতির মূল চরিত্রটি দেশ গড়ার কাজে নিয়োজিত লোকদের স্বার্থ রক্ষা করবে নাকি লুটেরা ঋণখেলাপীদের স্বার্থ দেখবে সেটিই হলো মূল কথা।