পরিতোষ ঘোষ চৌধুরী
এক ঃ ১৯৭০ সালের আওয়ামীলীগের বিপুল বিজয়ের কয়েকদিন পর মঙ্গলবার সকাল বেলা মিছিলটি শুরু হয়েছিল সাচনাবাজার থেকে। সে সময় রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল সাচনা বাজার। জামালগঞ্জ তথা সাচনা আওয়ামীলীগের প্রধান পুরুষ ছিলেন মরহুম রহমান সাহেব। তিনি ঢাকা থেকে চৌকস একদল ব্যান্ড পার্টি এনেছিলেন বিজয় মিছিলের জন্য। সকাল ১০টায় মিছিলটি যখন আমাদের বাড়ির সামনে আসে তখন আমি আর আমার মেঝভাই বাড়ির কাউকে না বলে মিছিলে যোগদান করি। মিছিলটি সাচনা থেকে ৫ কিলোমিটার দূরে বেহলি গিয়েছিল। বেহলি যাবার কারণ সেখানে প্রয়াত কমিউনিস্ট নেতা বরুনদার বাড়ি। ন্যাপ কমিউনিস্ট এর প্রভাবের কারণে নির্বাচনে ‘কুড়েঘর’ থেকে ‘নৌকা’ মাত্র ১৩ ভোটে জিতেছিল বেহলি সেন্টারে। মিছিলে অনেক মানুষ ছিল। আমি ছিলাম তখন ৪র্থ শ্রেণির ছাত্র।
মিছিলে শ্লোগান ছিল ঃ জেগেছে ভাই জেগেছে, বীর বাঙালি জেগেছে। সূর্যসেনের বাংলা- জেগেছে জেগেছে, তিতুমীরের বাংলা, জেগেছে জেগেছে। ক্ষুদিরামের বাংলা, জেগেছে জেগেছে। তোমার আমার চিহ্ন কি ‘নৌকা, জয় বাংলা, ইত্যাদি।
দুই ঃ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটি
রেডিওতে প্রচারিত হয়েছিল ৮ই মার্চ সকালে। সারা বাংলাদেশের মানুষ রেডিওর মাধ্যমে ভাষণটি শুনতে পেয়ে অনুপ্রাণিত হয়েছিল। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম- এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’ যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হেব।’
যতদূর মনে পড়ে ২য় মিছিলটি হয়েছিল ৮ই মার্চ অথবা ৯ই মার্চ বিকাল বেলা। মিছিলের অগ্রভাবে ছিলেন আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন থানা কমিটির সভাপতি মরহুম আব্দুর রহমান। উনার সাথে একটি রিভলবার ছিল। উনার দুই পার্শ্বে দুইজনের কাঁধে বন্দুক ছিল। মিছিলের পিছনে আরও দুইটি বন্দুক ছিল। মিছিলে আরও ছিলেন মরহুম ছাদেক আলী, প্রয়াত নির্মল চৌধুরী, প্রয়াত ঋষিকেষ রায়, প্রয়াত সুখময় দে প্রমুখ। প্রায় সবার হাতেই লাঠি ছিল। মিছিলের স্লোগান ছিল, ‘বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর’। গোল টেবিল না রাজপথ- রাজপথ রাজপথ ॥ পিন্ডি পিকিং ওয়াশিনটং- আর মানি না, আর মানি না, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ইত্যাদি।