মরহুম একরাম হোসেন ও হাজেরা খাতুন এর একমাত্র ছেলে ছিলেন বাউল আব্দুর রহমান। জন্ম ১৯৫৫ সালের ১০ মে গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে। এখনো আছেন পৈত্রিক ভিটায়। কাজ ছাড়া গ্রামের বাইরে বিশেষ যান না তিনি। শহরের পরিবেশে তাঁর দম যেন বদ্ধ হয়ে আসে। গ্রামের মুক্ত খোলা আলো বাতাসে সাচ্ছন্দ বোধ করেন। তাঁর বাবা ছিলেন গরিব কৃষক। ছিলেন ধর্মপ্রাণ। গ্রামের অনেকেই আসতেন তাঁর বাবার কাছে পরামর্শের জন্য। কিন্তু প্রায় সকল সময়ই তাদের আলোচনা-কথাবার্তা শেষ হতো গানের আসর নিয়ে নানান কথাবার্তা-পরিকল্পনার মধ্য দিয়ে। এছাড়াও গ্রামে প্রতিবছর হতো শ্যামানন্দ স্বামীজী ও গোপীনাথ গোঁসাই উৎসব, এখনও হয়। মা হাজেরা বেগম ছিলেন সরল-সোজা-এককথায় মমতাময়ী এক নারী। তাঁদের ভাটী এলাকায় ছিল এক ফসলী জমি। ফাল্গুন-চৈত্র মাসে ধান (রোয়ার) গাছের চারা রোপণের পর আর কোন কাজই থাকতো না। বাউল আব্দুর রহমানের ভাষায়,‘তখন দেখতাম বাবা সবাইকে নিয়ে বাউল কিংবা ঘাটু গান গাইছেন।’ আসরে খাওয়ার আয়োজনও থাকতো বেশ। কখনো গরু জবেহ করা হতো। তবে হিন্দুদের জন্য আলাদা আয়োজনও থাকতো। বলতে গেলে যে গানের টানে এক সময় তিনি ঘর ছেড়েছিলেন সেই গান তিনি পেয়েছিলেন উত্তরাধিকারী সূত্রে। চার ছেলে ও দুই মেয়ে নিয়ে তাঁর সংসার। বড় ছেলে পড়াশোনায় বেশি মনোযোগি ছিলেন না। পড়ালেখা করেছেন পাঠশালা পর্যন্ত। এখন জায়গা জমি দেখাশোনা করছেন। অন্য ছেলে মেয়েদের তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন। বড় মেয়ে এবার সিলেট মদন মোহন কলেজ থেকে ২য় বিভাগে এমএ পাশ করেছেন, ছোট মেয়ে ৩য় শ্রেণীতে, বাকী তিন ছেলেদের মধ্যে একজন বিএ, একজন ইন্টারমিডিয়েট ও আরেকজন অষ্টম শ্রেণীতে পড়াশোনা করেছেন। ২য় ছেলেরও রয়েছে গানের প্রতি ঝুঁক। তবে তিনি তাকে বলেছেন আগে পড়াশোনা কর তারপর আমার মতো হতে চাইলে আপত্তি করব না। বাউল স¤্রাট শাহ আব্দুল করিমকে ডাকতেন কখনো বাবা আবার কখনো গুরুজী বলে। শাহ আব্দুল করিমের শেষ দিন পর্যন্ত নিত্যসঙ্গী এই আব্দুর রহমানের কথা লেখায় পরিণত করেছেন সজীব দে।
বাউল আব্দুর রহমান
আমি যখন ক্লাস সেভেনে পড়তাম তখন আমাদের আজমিরিগঞ্জের জলসুখায় তিনি (বাউল স¤্রাট শাহ আব্দুল করিম) এসেছিলেন। সম্ভবত: দেশ স্বাধীন হওয়ার ৫-৬ বছর আগে। সে সময় তাঁর সাথে ছিলেন ময়মনসিংহের বাউল ছত্তার মিয়া। আমি বাবার সাথে সেই গানের আসরে গিয়েছিলাম। বেহালা বাজিয়ে বাজিয়ে তারা গানের আসরে বিভিন্ন ভঙ্গিমায় গান গাইছেন। রাতে লন্টনের আলোয় তাদের অন্য রকম লাগছিল। গান শোনার পর আমার ইচ্ছে হলো এভাবে যদি আমিও গান করতে পারতাম। আগে থেকেই আমাদের গ্রামে তাঁর (বাউল স¤্রাট শাহ আব্দুল করিম) অনেক ভক্ত ও মুর্শিদ ছিলেন। এরপর থেকে মাঝে মাঝেই তিনি আসতেন। গ্রামে মুর্শিদদের সংখ্যা বাড়তে থাকে। প্রেম-ভালোবাসার পাশাপাশি গাইতেন সমাজের নানা অন্যায়, অবিচারের বিরুদ্ধে। সত্তরের নির্বাচনের সময় গাইলেন,-
‘বলো ভোট দিব আজ কারে ?
দুষ্ট লোক ইলেকশনে পাশ করতে চায় টাকার জোরে’
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি বিভিন্ন অঞ্চল ঘুরে গানের মাধ্যমে যুবকদের উদ্বুদ্ধ করতে থাকেন। দিরাই ছাড়াও গনিগঞ্জের পশ্চিম দিকে জীবদাঁড়া, সুনামগঞ্জ সদরের উকারগাঁওসহ বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াতেন তিনি। মুক্তিযুদ্ধের সময় তিনি উদ্দীপনা ও প্রেরণা যুগিয়েছিলেন তাঁর গানের মধ্যে দিয়ে। শোষকের বিরুদ্ধে তিনি তার গানের মাধ্যমে দিয়েছিলেন হুঁশিয়ারি। মুক্তিযুদ্ধের সময় বাউল স¤্রাট শাহ আব্দুল করিম গাইলেনÑ
‘বলো স্বাধীন বাংলা মোদের মাতৃভূমির জয়
প্রাণ দিয়ে প্রতিজ্ঞা কর ছেড়ে দাও মরণের ভয়
শপথ নেও বাঙালি যত, বাঁচলে বাঁচব বাঁচার মত
আর আমরা হব না নত, যদি হয় বিশ্ব প্রলয়’
গানটি সে সময় ছিল খুবই জনপ্রিয়। লোকের মুখে মুখে ফিরত তাঁর গান।
দেশ স্বাধীন হওয়ার পর আজিজুর রহমান নামে তাঁর (বাউল স¤্রাট শাহ আব্দুল করিম) এক শিষ্যের সঙ্গে আমার বন্ধুত্ব হয়। গান করার ইচ্ছা আমার আগেই ছিল। উৎসাহ পেয়ে সব কিছু ফেলে শুধু গান নিয়েই মেতে থাকি। ১৯৭৪ সালে এই গানের টানে আমার দেওয়া হলো না ম্যাট্রিক পরীক্ষা। পড়াশোনায় মন বসতো না। শেষ পর্যন্ত ক্লাস টেন পর্যন্ত পড়ে ছেড়েই দিলাম পড়াশোনা। গানের প্রতি আমার আসক্তি দেখে গ্রামের মুরুব্বীসহ অনেকেই আমাকে উৎসাহ দিয়ে বলেন,‘তুই চলে যা বাবাজীর (বাউল স¤্রাট শাহ আব্দুল করিম) কাছে। তোর জীবনের গতি হয়ে যাবে। শাহ আব্দুল করিম পঞ্চ রসে রসিক, তোকে ফেলবেন না। এরপর আবার যখন করিম সাহেব আসলেন তখন তাঁর এক শিষ্য আমাকে পরিচয় করিয়ে দেন। সাথে সাথে তাঁর পয়ে পড়ে ভক্তি করলাম। প্রথম দেখাতেই তিনি আমাকে বললেন, তুই কি গান শোনাবি আমাকে? তখন আমি গাইলাম তাঁরই একটি গান,-
‘রাখ কি মার এই দয়া কর
থাকি না যেন তোমারে ভুলিয়া’
গানটি শুনে উৎসাহের সহিত তিনি আরেকটা গান শোনানোর জন্য বললেন। তখন গাইলাম-
‘ছিলাম মদিনার পথে, ওহে মুসাফির
আমার সালাম জানিও
দরবারে নবীর।’ (দূর্বিণ শাহ) গান শুনে খুশি হয়ে আমার পরিচয় জানতে চাইলেন তিনি। বললাম, আমি দশম শ্রেণী পর্যন্ত পড়েছি। কিন্তু যখন শুনলেন আমি আমার বাবা মার একমাত্র সন্তান এবং আমার বাবা বেঁচে নেই। তখন বললেন,‘তোর মায় বিদায় দিলে আসতে পারবি, মার অনুমতি ছাড়া আসতে পারবি না।’ তাঁকে ভক্তি জানিয়ে আসার সময় বললাম,‘আমি মায়ের অনুমতি নিয়েই আসব। আপনারেই আমি উস্তাদ ও মুর্শিদ মানি।’
বাড়ি ফিরে মায়ের কাছে মনের কথা কইতেই (বলতেই) তিনি কাঁদতে শুরু করলেন। তিনিও (বাউল স¤্রাট শাহ আব্দুল করিম) বোধ হয় মনে করেছিলেন এক মার এক পুত আইতে পারত নায়। তিনি চলে গেলেন। সে সময় আর যাওয়া হলো না। কিন্তু সংসারের কোন কাজে-কর্মে আমার আর মন বসে না। মাকে বুঝাতে লাগলাম। অবশেষে প্রায় মাস খানেক পরে মার অনুমতি পেলাম। গেলাম তাঁর (বাউল স¤্রাট শাহ আব্দুল করিম) বাড়িতে। সেময় আমার বয়স ছিল বোধহয় ১৭-১৮ বছর।
আমারে দেখেই তিনি বললেন,‘আইছনি বাবা।’
উত্তরে বললাম,‘আইছি বাবা।’
তখন তিনি (মাইজী) সরলা কে ডাকলেন। বললেন,‘এ হইলো আব্দুর রহমান, অনেক পড়াশোনা করেছে।’
মাইজী প্রথমেই আমারে প্রশ্ন করলেন,‘মার অনুমতি লইয়া আইছনি?’
মাইজীরে কইলাম,‘অনুমতি লইয়া আইছি মাইজী।’
গুরুর সাথে, থেকে শুরু হলো আমার শিক্ষা জীবন। এসময় একটানা তাঁর সাথে ছিলাম প্রায় চার বছর। কিন্তু এরপরও বাড়িতে আসলেও আমি আর তাঁর সঙ্গ ছাড়ি নাই। গুরুজীও (বাউল স¤্রাট শাহ আব্দুল করিম) আসতেন আমাদের জলসুখার বাড়িতে। নিরিবিলি মানুষ ছিলাম আমি। কোন জায়গায় রেখে গেলে তাঁর অনুমতি ছাড়া উঠতাম না। আমার হাতের লেখাও খুবই পছন্দ করতেন তিনি। গুরুজীর একটি অভ্যাস ছিল যখন কোন গানের কলি/লাইন তাঁর মনে আসতো ছোট টুকরো কাগজে লিখে রাখতেন। পরে গান লেখাতেন আমাকে দিয়ে।
গুরুজী (বাউল স¤্রাট শাহ আব্দুল করিম) শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ছিলাম তাঁর সাথে। শেষ নি:শ্বাসও ত্যাগ করেছেন আমার হাতে। শেষ মুহূর্তে তিনি কাউকে চিনতে পারতেন না। সিলেটের একটি হাসপাতালে শেষ নিশ্বা:স ত্যাগ করার আগেও গুরুজী আমার মাথায় হাত বুলিয়ে শেষ আশীর্বাদ করে গেছেন। মা বাবার এক সন্তান ছিলাম আমি কিন্তু কোনদিন তিনি আমাকে তাদের অভাব বুঝতে দেন নাই। সর্বদাই আগলিয়ে রেখেছেন। অনেক গানের আসরে গান করেছি তাঁর (বাউল স¤্রাট শাহ আব্দুল করিম) সাথে। আমি গান না গাইলে তিনি তৃপ্তি পেতেন না। বলতেন,‘ওবা রহমান তুমি একটা কও।’ গানে অনেক সময় ভুল হলে সেটি আবার তিনি গেয়ে আমাকে সংশোধন করে দিয়েছেন।
প্রবাসে গেলে বাড়ির কথা মনে থাকতো না তাঁর (শাহ আব্দুল করিম)। ৫দিন, ৭দিন আবার অনেক সময় ১০-১২ দিন পার হয়ে যেতো। যখন মনে হইতো (হতো) তখন বাড়িতে আসার জন্য একেবারে অস্থির হইয়া যাইতা (হয়ে যেতেন)। আমরারে কইতা (আমাদেরকে বলতেন,)‘না জানি কিতা করের সরলায়।’ (বাড়িত আইয়াই বাইরে থাইক্কা) বাড়িতে এসেই বাইরে থেকে উচ্চস্বরে ডাক দিতেন সরলা-সরলা বলে।
মাইজী (সরলা) বাইরে এসে একটা কথইা কইতা (বলতেন), ‘আপনে আইছইননি।’ কোনো অভিযোগ তাঁর ছিল না।
বাবায় (বাউল স¤্রাট শাহ আব্দুল করিম) মাঝে মাঝেই আমাদের বলতেন, ‘সরলা না থাকলে আব্দুল করিম আমি হইতাম পারলামনানে। সরলার লইগাই আজকে আমি আব্দুল করিম।’
বাবার (শাহ আব্দুল করিম) চরিত্রের সবচেয়ে জোড়ালো দিকটি ছিল প্রতিবাদী চরিত্র। আমাদেরকে বলতেন,‘আমি যদি একলা প্রতিবাদ করি অইত না। শোষকদের বিরুদ্ধে প্রতিবাদ করন লাগব সকলে মিইল্লা। শুধু আমি করিম না অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করব তারা সকলেই করিম। সাধারণ মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত শান্তি না আসবে ততক্ষণ পর্যন্ত আমি প্রতিবাদ করে যাব। তিনি গানের মধ্যে দিয়ে বলতেন সাধারণ মানুষের কথা, তাদের অধিকারের কথা। বলেছেন,-
‘মোদের কি হবে রে মজুর কৃষাণ ভাই?
দিন হতে দিন আসে কঠিন, বাঁচার উপায় নাই
——————-
হার ভাঙা পরিশ্রম করি খাইতে নাহি পাই
————
কোট-কাচারি খোলা আছে, হৈতাছে বিচার,
গরীবে কি বিচার পাবে পয়সা নাহি যার?
মোদের কি হবে রে?’
আবার গেয়েছেন,-
‘গরিবের নাই সহায় সম্বল’
শাসক-শোষকদের প্রতি হুশিয়ারি উচ্চরণ করে বলেছেন,
‘শাসক তুমি হও হুঁশিয়ার’
একটি গানে তো তিনি আল্লাহ’র কাছেই প্রশ্ন রেখেছেন,Ñ
‘জিজ্ঞেস করি তোমার কাছে বল অ’গো সাঁই
এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বল তাই?
দয়াময় নাম তোমার গিয়াছে জানা
গরিব যারা হয় তারা কি তোমার নয়
তবে কেন দয়াময় দয়া হয় না?’
আবার দেহতত্বের মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছেন,Ñ
‘মন তুই দেখ না খুঁজে দেহার মাঝে
কি ধন দিলেন মহাজনে
——————–
হলো না মোর আপন চেনা,
রাং কি সোনা ভাবছে করিম দীনহীনে’
এরকম প্রায় ৯০টি প্রতিবাদী গান রয়েছে তাঁর (বাউল স¤্রাট শাহ আব্দুল করিম)। এছাড়াও তিনি গেয়েছেন, আল্লাহ-রাসূল-অলি-আউলিয়া স্মরণ, মন শিক্ষা, ধর্মতত্ত্ব, দেহতত্ত্ব, বিচ্ছেদ, ভাটিয়ালী, জারী-সারি, প্রেরণামূলক, গণসংগীত। তিনি কখনো হয়েছেন ফকির আব্দুল করিম, কখনো শিল্পী আব্দুল করিম, কখনো প্রতিবাদী আব্দুল করিম, আবার কখনো কানন কবি আব্দুল করিম। বিভিন্ন রূপ-রস-ঢঙে গেয়েছেন মানুষের জয়গান। সারা জীবন মানুষকে দিয়ে গেছেন গানের মধ্যে দিয়ে দিক নির্দেশনা।
আমি বাউল শফিক নূর ভাই, সিলেট অঞ্চলের অন্নদা রঞ্জন দাশ, রুহি ঠাকুর, কামাল মিয়া, বারেক সরকার, ময়মনসিংহের ছত্তার মিয়া, চট্ট্রগ্র্রামের কবি রমেশ শীল, উকিল মুন্সি সহ অনেকের সঙ্গেই পালাগান করেছি। তবে বাবার (বাউল স¤্রাট শাহ আব্দুল করিম) সাথে মালজোড়া বা পালা গানে এঁটে উঠা মুশকিল ছিল। ময়মনসিংহের বাউল ছত্তার মিয়া, চট্টগ্রামের মাইজভান্ডারীর ভক্ত কবি রমেশ শীল, উকিল মুন্সির সাথেই জমতো বেশি। এদের মধ্যেও বাউল ছত্তার মিয়ার সাথে পাল্লা হতো বেশি। কবি রমেশ শীলও বাউল আব্দুল করিমের মতো করেছেন গণমানুষের গান।
রাজশাহী, কুষ্টিয়া, মাদারীপুর, বরিশাল, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বাবার (বাউল স¤্রাট শাহ আব্দুল করিম) গান করেছি আমি। দেশের বাইরে ভারতেও গিয়েছি ৪ বার বাবার গান গাইতে। বাবায় কইচলা (বাবা বলেছিলেন,) ‘রহমান তুই বেশি জায়গা জুড়েই গান গাইবি।’ আমার এখনও মাঝে মাঝে মনে হয় আমার ভাগ্য কত ভালো কারণ শাহ আব্দুল করিমের সঙ্গ পাইছলাম (পেয়েছিলাম) আমি। কথায় বলে, কলির যুগের ভাগ্য ভালো হয় নিতাইর বাতাস লাগলে গায়। আর আমি মনে করি আমার ভাগ্য ভালো শাহ আব্দুল করিমের বাতাস আমার গায় (লাগছে) লেগেছে। গুরুজী (শাহ আব্দুল করিম) গানের মাধ্যমে তিনি সকলের হৃদয়ে যে অনন্য স্থান করে নিয়েছেন। মানব হৃদয়ে সেই স্থান অটুট থাকবে চিরকাল।