স্টাফ রিপোর্টার
ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহেরা বেগম। দ্বিতীয় দফায় ছাতক উপজেলায় অনুষ্ঠিত ইউনিয়ন নির্বাচনে নির্ধারিত ভোটকেন্দ্রে এসে দেখেন তার ভোট দেওয়া হয়ে গেছে। কিভাবে ভোট কাস্ট হয়েছে জানেন না তিনি।
এদিকে এই ইউনিয়নের নৌকার প্রার্থী ওদুদ আলমের অভিযোগ করে বলেন, তিনি জাল ভোট দিতে কেন্দ্রে এসেছেন। এ সময় কিছু সময় ভোট গ্রহণ বন্ধ ছিল। বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে মুক্তিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।
জাহেরা বেগম বলেন, আমি সকালে ভোট দিতে আসছিলাম। তখন অতিরিক্ত মানুষের জন্য ভোট দিতে পারিনি। বাড়ি চলে যাই। এখন এসেছি ভোট দিতে। কিন্তু আমার ভোট কে দিয়েছে জানিনা। উল্টো আমাকে জালিয়াতি করে ভোট দিতে এসেছি বলে আওয়ামী লীগের প্রার্থী অভিযোগ করছেন। যা সম্পূর্ণভাবে মিথ্যা।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওদুদ আলম বললেন, এই মহিলা সকালে একবার ভোট দিয়ে গেছে। এখন আবার ভোট দিতে এসেছেন। তিনি জালিয়াতি করে দ্বিতীয় বার ভোট দিতে এসেছেন। আমরা তাকে হাতেনাতে ধরেছি।
এঘটনার কিছুক্ষণের মধ্যে শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পরে জাহেরা বেগমকে কিছুক্ষণ জিজ্ঞাসা করেন তিনি। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার বলেন, সারা দিন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কোথাও কোনো অনিয়ম হয়নি। জালভোটের সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।