- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আরও কঠোর হচ্ছে বিসিবি

সু.খবর ডেস্ক
যে ক্রিকেট নিয়ে বাংলাদেশের এত গর্ব, তাতে লাগছে কলঙ্কের কালি। স্বাভাবিকভাবেই এতে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার নাজমুল হাসান জানিয়েছেন, ক্রিকেটারদের এ ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আরও কঠোর হচ্ছে বিসিবি। দুদিন আগে বিসিবিতে পেসার মোহাম্মদ শহীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে গেছেন তাঁর স্ত্রী ফারজানা আক্তার। এ ব্যাপারে সাংবাদিকদের কিছু না বললেও বিসিবির কাছে তাঁর দেওয়া অভিযোগপত্রে দেখা গেছে, শহীদের বিরুদ্ধে ফারজানার অভিযোগ আসলে নারীঘটিত। এখন এ ধরনের খবরও আর চমকে দেয় না—বারবার যে ঘটছে।
ক্রিকেটারদের অনিয়ন্ত্রিত জীবন কিংবা এ ধরনের অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিসিবির ভূমিকা কী? বিসিবি সভাপতি নাজমুল হাসান আজ সংবাদমাধ্যমকে বললেন, ‘একজন ভালো খেলোয়াড় হলে চলবে না, ভালো মানুষও হতে হবে। আমরা চেষ্টা করছি তাদের নিয়ন্ত্রণ করার। আমরা আগের চেয়ে অনেক বেশি কঠোর হয়েছি। সমস্যা হচ্ছে যখন খেলা থাকে না, এখান থেকে চলে যাচ্ছে, তখন ওদের ব্যক্তিগত বিষয়গুলো ধরতে পারছি না। তবে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, আমাদের নজরে আছে। আমরা কেউ এগুলো মানতে পারছি না।’
নাজমুল তাই খেলোয়াড়দের সতর্ক করে দিয়ে বললেন, ভবিষ্যতে এমনটা ঘটলে আরও কঠিন সিদ্ধান্ত নেবে বিসিবি, ‘এর আগে যত ঘটনা ঘটেছে, আমরা সাপোর্ট দূরে থাক, উল্টো ব্যবস্থা নিয়েছি। খেলা থেকে বহিষ্কারও করা হয়েছে। এখনো তাই হবে। আমরা চাই, সবকিছু ঠিকঠাক হয়ে যাক। যদি না হয়, ভবিষ্যতে আরও কঠিন পদক্ষেপে যেতে বাধ্য হব।’

  • [১]