- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আলহেরা কেন্দ্রে সহ-প্রিজাইডিং অফিসার লাঞ্ছিত

বিশেষ প্রতিনিধি
সদর উপজেলার কোরবাননগর ইউনিয়নের আলহেরা জামেয়া মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকের হাতে একজন সহকারী প্রিজাইডিং অফিসার লাঞ্ছিত হয়েছেন। ঐ সহকারী প্রিজাইডিং অফিসারের নাম আব্দুস ছাত্তার। এসময় ঐ কেন্দ্রে উত্তেজনা দেখা দেয়। দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রায় ৪০ মিনিট কেন্দ্রের আশপাশে আসেননি ভোটাররা। পরে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি, র‌্যাব মোতায়েন করে গ্রামের দুটি মসজিদে প্রিজাইডিং অফিসার ঘোষণা দেন ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হয়নি। সবাই যেন ভোট দিতে আসেন। শেষে প্রায় এক ঘণ্টা পর আবার ভোট কেন্দ্রে আসা শুরু হয় ভোটারদের।
প্রত্যক্ষদর্শী বিভিন্ন প্রার্থীর এজেন্ট ও পোলিং অফিসাররা জানান, কেন্দ্রের ৫ নম্বর বুথে শামছুন্নাহার নামের একজন ভোটার ভোট দিয়ে আঙ্গুলের অমুছনীয় কালি সঙ্গে সঙ্গে কৌশলে মুছে আবার ভোট দিতে আসেন। পোলিং অফিসাররা ঐ সময় তিনি (এই ভোটার)  আগে ভোট দিয়েছেন জানালে শামছুন্নাহার হৈ-চৈ শুরু করেন।
এক পর্যায়ে ভোট কক্ষ ২’এ থাকা নৌকার এজেন্ট জুনেদ আহমদ এসে সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুস ছাত্তারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। কিছুক্ষণ পর দুপুর ২ টায় আওয়ামী লীগের প্রার্থী কোহিনুর আলমসহ তাঁর সমর্থকরা কেন্দ্রে প্রবেশ করেন। কোহিনুর আলমের সঙ্গে ৫ নম্বর কক্ষে জুনেদ আহমদও প্রবেশ করে সহকারী প্রিজাডিং অফিসার আব্দুছ ছাত্তারকে শারিরিকভাবে লাঞ্ছিত করেন।
সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুছ ছাত্তার বলেন,‘বুথ কক্ষে এক গৃহবধু তার শাশুরিকে নিয়ে প্রবেশ করে বলছিলেন, শাশুরি চোখে দেখেন না, তাকে সঙ্গে থাকতে হবে। পরে এরা দুইজন এক সঙ্গে ভোট দিয়েছিলেন। এ জন্য বার বারই জুনেদ আহমদ অন্য ভোট কক্ষ থেকে এসে আমাকে বিরক্ত করছিলেন। এক পর্যায়ে প্রার্থী কোহিনুর আলমের সঙ্গে তিনি বুথ কক্ষে ঢুকে আমাকে শারীরিকভাবে আক্রমণ করেন’।
আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট জুনেদ আহমদ বলেন,‘৫ নম্বর বুথে একাধিক জাল ভোট হয়েছে। ভোট দেবার সময় এক সঙ্গে দু’জন মহিলা ঢুকে ভোট দিয়েছেন। এই অবস্থায় বার বার বলার পরও কোন ব্যবস্থা নেননি সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুস ছাত্তার’।
এ ঘটনার পর কেন্দ্রের আশপাশে স্বতন্ত্র প্রার্থী আবুল বরকত ও আওয়ামী লীগের প্রার্থী কোহিনুর আলমের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
দ্রুত কেন্দ্রে পৌঁছায় ভ্রাম্যমাণ আদালতের একটি গাড়ি, বিজিবি, র‌্যাব ও দাঙ্গা পুলিশ।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাবেরা আক্তারও একই সময়ে কেন্দ্রে পৌঁছে আওয়ামী লীগের প্রার্থীকে উদ্দেশ্য করে ক্ষুব্ধ হয়ে বলেন, ‘জুনেদ আহমদকে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে। সকলকে নিয়ে কেন্দ্র এলাকা ছাড়তে হবে। এরপর পরিস্থিতি শান্ত হয় এবং বিকাল ৩ টা ৫ মিনিটে গ্রামের দুটি মসজিদের মাইকে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান প্রিজাইডিং অফিসার মো. আবু সাঈদ শেখ’।
প্রিজাইডিং অফিসার মো. আবু সাঈদ শেখ বলেন,‘আমাদের একজন সহকারী প্রিজাইডিং অফিসারেকে লাঞ্ছিত করায় প্রায় এক ঘণ্টা কেন্দ্রের আশপাশে উত্তেজনা ছিল, তবে ভোট বন্ধ ছিল না। ভোটারদের আতঙ্ক দূর করার জন্য আমরা বিকাল ৩ টা ৫ মিনিটে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বলি কেন্দ্রে শান্তিপূর্ণ অবস্থা রয়েছে, সবাই যেন ভোট দিতে আসেন’। তিনি বিকাল সাড়ে ৪ টায় জানান এই কেন্দ্রের ১৭৭৭ ভোটের মধ্যে ১৪৬৬ ভোট কাস্ট হয়েছে।

  • [১]