স্টাফ রিপোর্টার
‘আলোকিত মানুষ গড়ায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ’ এই স্লোগান নিয়ে শাহজালাল একাডেমি উদ্বোধন হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় শহরের হাছননগর এলাকায় কুরিয়ারপাড়ে প্রতিষ্ঠিত এই একাডেমির উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
উদ্বোধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘জেলার শিক্ষার হার অনেকটা পিছিয়ে আছে এখনও। প্রত্যন্ত অঞ্চলসহ সকল স্থানে শিক্ষার বিস্তার
প্রয়োজন। আধুনিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে সকল শিক্ষার্থীকে। যাঁদের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে, তাঁদের উদ্যোগ অত্যন্ত মহতী। আলোকিত জীবন প্রতিষ্ঠায় শিক্ষার গুরুত্ব অপরিসীম।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোলেমান মিয়া, হাফিজ আতাউর রহমান লস্কর, প্রিন্সিপাল হাফিজ মাও. মফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন মাও. দেলোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য আনোয়ার হোসেন, সামায়ুন কবীর, মো. শওকত আলী, সালাহ উদ্দীন, হাজী দৌলত উদ্দীন খান, দিলোয়ার হোসেন প্রমুখ।
এদিকে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহপুর সাতগাঁও নতুন বাজারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।