বিশেষ প্রতিনিধি
স্থানীয় সরকারের নির্বাচনে গত প্রায় ৫০ বছর ধরে আলোচিত তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের দুই পরিবার। এর একটি প্রয়াত ইউপি চেয়ারম্যান জয়নাল মিয়া’র পরিবার। অপরটি সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনের পরিবার। অর্থাৎ উপজেলা কিংবা ইউপি নির্বাচনে এই দুই পরিবারের প্রার্থীদের প্রভাব রয়েছে দীর্ঘদিন ধরেই। এবার এই দুই পরিবারের ৪ ভাই প্রার্থী হওয়ায় এখানকার নির্বাচন আরো আলোচিত হয়ে উঠেছে। জালাল উদ্দিনের ভাতিজা বর্তমান ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়নাল মিয়ার ভাতিজা সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মিয়ার ছেলে আবু সায়েম হয়েছেন বিএনপির দলীয় প্রার্থী। অপরদিকে, জয়নাল মিয়ার ছেলে যুবলীগ নেতা আপ্তাব উদ্দিন হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, একইভাবে জালাল উদ্দিনের ছেলে যুবলীগ নেতা মুর্শেদ আলম হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। ‘ইউনিয়নের ভোটারদের অনেকেই বলেছেন,‘৪ প্রার্থীই দুই পরিবারের, এর মধ্যে যোগ হয়েছে দলীয় প্রতীক, সুতরাং দলীয় প্রতীক নিয়ে লড়াইয়ে নামা দুই প্রার্থীর মধ্যেই ভোট যুদ্ধ হতে পারে’। আবার কেউ কেউ বলেছেন,‘এই ইউনিয়নে দল নয়, ভোট হয়, জয়নাল না জালাল এই ইস্যুতে।’ বাদাঘাট ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা নৌকা- ধানের শীষে না কী- জয়নাল মিয়া ও জালাল উদ্দিনের উত্তরসুরীদের মধ্যে হবে এটি ৪ জুনেই নির্ধারিত হবে।
তাহিরপুরের বাদাঘাট হাওরাঞ্চলের বৃহৎ বাজার হিসাবে পরিচিত। পাশেই বড়ছড়া-চারাগাঁও শুল্ক স্টেশন এবং পাহাড়ী নদী যাদুকাটা’র পাড় বালি-পাথরের ব্যবসা কেন্দ্র হিসাবে পরিচিত হওয়ায় এই ইউনিয়নের চেয়ারম্যানের গুরুত্ব অনেক বেশি। ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান জয়নাল মিয়া এক সময় টাঙ্গুয়ার হাওরসহ বড় বড় হাওর ও জলমহালের ইজারাদার হওয়ায় তাঁকে ওয়াটারলর্ড বলা হতো। ইউনিয়নে একটি কলেজ, একটি বালিকা বিদ্যালয়, একটি মাদ্রাসাসহ নানা প্রতিষ্ঠান তাঁর পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে। একইভাবে অপর প্রাক্তন চেয়ারম্যান জালাল উদ্দিনের পৃষ্ঠপোষকতায় এলাকায় কলেজসহ নানা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এলাকায় সুনাম-দুর্নাম দুটিই রয়েছে এই দুই পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
প্রভাবশালী এই দুই পরিবারই এক সময়ে কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা ছিলেন। এখানে এসে বসতি স্থাপনের বহুকাল পর ১৯৭৩ সালে প্রথম দুই পরিবারের সদস্য জয়নাল মিয়ার ভাই আলাউদ্দিন মিয়া ও জালাল উদ্দিন নির্বাচনী যুদ্ধে নেমে আলাউদ্দিন মিয়া জয়ী হন। এরপর থেকে ইউনিয়ন নির্বাচনে এই দুই পরিবারের মধ্যেই লড়াই হয়। জয়নাল মিয়া, তার ভাই আলা উদ্দিন মিয়া ও তাঁর ছেলে রাখাব উদ্দিন অর্থাৎ এই পরিবারের সদস্যরা ৫ বার বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান এবং জালাল উদ্দিন ২ বার এবং তাঁর ভাতিজা নিজাম উদ্দিন ১ বার মিলে এরা ৩ বার এই ইউনিয়নে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
মঙ্গলবার এ ইউনিয়নে চেয়ারম্যান পদে এই দুই পরিবারের ৫ জনসহ ৭ জন মনোনয়ন দাখিল করেন। এরা হলেন- সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনের ভাতিজা বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের দলীয় প্রার্থী নিজাম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত জয়নাল মিয়ার ভাতিজা ও প্রয়াত ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন মিয়ার ছেলে বিএনপির দলীয় প্রার্থী আবু সায়েম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রয়াত জয়নাল মিয়ার ছেলে যুবলীগ নেতা আপ্তাব উদ্দিন, জালাল উদ্দিনের ছেলে মুর্শেদ আলম ও সোহাগ মিয়া। অবশ্য. সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন এবং তাঁর দুই ছেলে মুর্শেদ আলম ও সোহাগ মিয়া ৩ জনেই বলেছেন, ‘তাঁদের পরিবারের প্রার্থী মুর্শেদ আলম’। এই ইউনিয়নে অবশ্য আরো দু’জন প্রার্থী মনোনয়ন দিয়েছেন এরা হলেন- জাপা’র দলীয় প্রার্থী হুমায়ুন কবির পাঠান ও স্বতন্ত্র প্রার্থী সোহাগ মিয়া (কামরাবন্দ)।
স্থানীয় সাংবাদিক আলম সাব্বির বলেন,‘প্রয়াত চেয়ারম্যান জয়নাল মিয়া ও সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিনের পরিবারের প্রভাব রয়েছে এলাকায়। দুই পরিবারেরই পারিবারিক অর্থাৎ ঘনিষ্ট স্বজনের তিন থেকে চার’শ করে ভোট হবে, এবার দুই পরিবারের দুই জন করে প্রার্থী হওয়ায় তাদের স্বজনদের ভোটে বিভক্তি দেখা দেবে, অন্য ভোটাররা অতীতের কার্যক্রম ও উন্নয়নের কথা বিবেচনা করে বা দলীয় চিন্তা করে হয়তোবা ভোট দেবে’।
অপর একজন ভোটার বললেন,‘ইউনিয়নের লামাশ্রম এবং বিন্নাকুলি কেন্দ্র জালাল উদ্দিনের পরিবারের প্রার্থীকে ভোট দেয়, সোহালা কেন্দ্রের ভোট জয়নাল মিয়ার পরিবারের প্রার্থীকে দেয়, দুই পরিবারের পারিবারিক শুভানুধ্যায়িও সমান সমান প্রায়। ইউনিয়নের লাউড়েরগড়, পুরান লাউড়, বাদাঘাট, ঘাগটিয়া, ইসলামপুরে যার প্রভাব বেশি হবে, সেই প্রধান প্রতিদ্বন্দ্বি হবে। এই ভোটারের মতে এবার জয়নাল মিয়া ও জালাল উদ্দিনের পরিবারের পরিচয় এবং দলীয় পরিচয় এবং উন্নয়ন কাকে দিয়ে হবে এসব বিষয় চিন্তা করে ভোট দেবে মানুষ’।
বাদাঘাট বাজারের একজন পুস্তক ব্যবসায়ী বলেন,‘এই ইউনিয়নে দলীয় পরিচয়ে কেবল ভোট হবে না, জয়নাল মিয়া ও জালাল উদ্দিনের ইমেজকে অবহেলার চোখে দেখা যাবে না’।
সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন,‘এবার আমার স্বজনরা যেমন বিভক্ত, জয়নাল মিয়ার স্বজনরাও বিভক্ত, আমি আমার ছেলেকে ছাড়তে পারবো না, আমার ছেলে মুর্শেদ নির্বাচন করবে, তাঁর কোন ত্রুটি বিচ্ছুতি কেউ বলতে পারবে না, আমার সামাজিক কাজকেও ভোটাররা মূল্যায়ন করবেন’।
বর্তমান ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন,‘আপ্তাব কিংবা মুর্শেদকে আওয়ামী লীগের কোন সভা-সমাবেশে কোনদিন দেখা যায়নি, তাদেরকে ভোটাররা আওয়ামী লীগ হিসাবে চিনে না, আওয়ামী লীগের ভোটাররা নৌকা ছাড়বে না, বর্তমান সরকারের উন্নয়নের ধারার পক্ষেও থাকবেন ভোটাররা, ইনশাল্লাহ্ আমি জয়ী হবো’।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আপ্তাব উদ্দিন বলেন,‘মানুষ আমাকে স্বতস্পুর্তভাবে গ্রহণ করেছে, জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত, আমাদের ইউনিয়নে প্রতীক কোন বিষয় নয়, পারিবারিক পরিচয় গুরুত্ব বহন করবে, আমাদের স্বজনরা এক জনেই পক্ষেই থাকবেন, কিছু ভোট আমাদের যেভাবে ছুটতে পারে, প্রতিদ্বন্দ্বি প্রার্থীরও ছুটবে’।
বিএনপির দলীয় প্রার্থী আবু সায়েম বলেন,‘আমি দলীয় প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থী ৩ জন প্রচারণায় রয়েছেন, বিএনপি’র ভোটাররা এবং দল নিরপেক্ষ ভোটাররা আমাকেই ভোট দেবেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই উঠে না’।
আওয়ামী লীগের অন্য বিদ্রোহী প্রার্থী মুর্শেদ আলম বলেন,‘আমাদের ইউনিয়নে দল বা প্রতীকের চেয়ে সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন এবং জয়নাল মিয়া’র ইমেজেই ভোটের হিসাব হয়, এবারও এর ব্যতিক্রম হবে না, ইনশাল্লাহ্ আমার ব্যক্তিগত পরিচিতি এবং আমার বাবার পরিচয় দুটো মিলে আমি জয়ী হবো’।