সু.খবর ডেস্ক
খাদ্য ঘাটতি মেটাতে ভিয়েতনাম থেকে আড়াই লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৫০ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল এবং দুই লাখ মেট্রিকটন আতপ চাল। হাওরে বন্যা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিভিন্ন এলাকায় ধানের ফলনের ব্যাপক ক্ষয়ক্ষতির পর চালের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান এই সিদ্ধান্তের কথা জানান।
চলতি বছর বোরো ধান কাটার সময় এপ্রিলে আগাম বন্যায় সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণায় বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি হিসাবেই এর পরিমাণ ছয় লাখ টন। এ ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় নিচু জমিতে ফসল ডুবে যাওয়ায় উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। আর এর প্রভাব পড়েছে বাজারে। গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। বাংলাদেশে ধান উৎপাদনের মূল মৌসুমেও গত এক মাসে টিসিবির হিসাবে চালের দাম বেড়েছে আট শতাংশ পর্যন্ত। আর সবচেয়ে বেশি বেড়েছে মোটা চালের দাম। টিসিবির হিসাবে গত এক বছরে মোটা চালের দাম বেড়েছে ৩১ শতাংশের মত। আর এই চালের মূল ভোক্তা নিম্ন আয়ের মানুষ।
চালের দাম বৃদ্ধি বরাবর বাংলাদেশে এক আলোচিত বিষয়। দেশের মানুষদের প্রধান খাদ্য ভাতের জন্য ব্যয় বেড়ে গেলে বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলে। এতে ভাতে খরচ বেড়ে গেলে শিক্ষা, চিকিৎসায় ব্যয় কমাতে হয়, ভেঙে খেতে হয় সঞ্চয়ও। এই পরিস্থিতিতে সরকার চাল আমদানি করে পরিস্থিতি মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি দেশের সঙ্গে কথা হচ্ছে। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সম্প্রতি ভিয়েতনাম সফর করে এ বিষয়ে আলোচনা করে এসেছেন।
সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর জানান, প্রতি মেট্রিকটন সেদ্ধ চালে ব্যয় হবে ৪৭০ ডলার। এই হিসাবে প্রতি কেজির দাম পড়ে ৩৭ টাকা ৬০ পয়সার মত। এই হিসাবে দুই লাখ টক সেদ্ধ চাল আমদানিতে খরচ পড়বে ৭১৩ কোটি ৮০ লাখ টাকা। এই চালগুলো আনা হবে চট্টগ্রাম বন্দর হয়ে।
আর প্রতি মেট্রিকটন আতপ চাল আনতে ব্যয় হবে ৪৩০ ডলার। প্রতি ডলার ৮০ টাকা ধরলে প্রতি কেজির দাম পড়ে ৩৪ টাকা ৪০ পয়সার মত। এই হিসাবে ৫০ হাজার মেট্রিক আতপ সিদ্ধ চালে ব্যয় হবে ১৯৫ কোটি ৫ লাখ টাকা। এই চাল আসবে চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে।