- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের তৎপরতা জেলা সভাপতি ও সম্পাদক পৃথকভাবে সৈয়দ আশরাফের সঙ্গে দেখা করেছেন

বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভার আগেই (১২ অক্টোবরের আগে) সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হতে পারে। অবশ্য বিষয়টি নির্ভর করছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ঐকমত্যের উপর। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করে যার যার মতো কথা বলেছেন। দুইজনই নিজ নিজ বলয়ের নেতাদের কমিটিতে স্থান দেবার চেষ্টা করছেন। কোন কোন বিষয়ে একজন-আরেকজনের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশও করেছেন।
দলের পদ পেতে আগ্রহীরা জানিয়েছেন, জেলা কমিটির খসড়া দুই নেতাই আলাদা আলাদাভাবে প্রস্তুত করে রেখেছেন। এখন দুইজনেই চাচ্ছেন কমিটির সমন্বয় ঘটাতে। দুই জনেই পৃথক পৃথকভাবে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন নিয়ে কথা বলেছেন।
দলীয় নেতারা জানিয়েছেন, গত ফেব্রুয়ারিতে জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে প্রায় ২০ বছর পর। বিগত কমিটির অনেক সদস্য মারা গেছেন। অথবা বয়সের ভারে ন্যূব্জ হয়ে গিয়েছিলেন। এবার বয়স্কদের উপদেষ্টা রেখে অপেক্ষাকৃত তরুণদের জেলা কমিটিতে স্থান দেবার পক্ষে একপক্ষ। এইপক্ষ দলীয় সংসদ সদস্যদের মতামতকেও গুরুত্ব দিতে চাচ্ছে। অপরপক্ষ বিগত জেলা কমিটির দায়িত্বপ্রাপ্তদের প্রাধান্য দিয়ে জেলা কমিটি করার পক্ষে।
জানা গেছে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন এসব বিষয় নিয়ে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে গত  সোমবার দেখা করে কথা বলেছেন। আবার জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, দলীয় নেতা অ্যাড. শফিকুল আলম, ধর্মপাশার দলীয় নেতা আলমগীর কবীর, ফখরুল ইসলাম, প্রভাকর তালুকদার পান্না বৃহস্পতিবার সকালে সৈয়দ আশরাফুল ইসলামের বাসায় গিয়ে দেখা করেছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন কেন্দ্রীয় সম্মেলনে জেলার কাউন্সিলার এবং জেলা কমিটি নিয়েই আলোচনা করেছেন বলে জানিয়েছেন দুই নেতার ঘনিষ্টরা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন,‘বয়োজ্যেষ্ঠদের কমিটিতে রেখে দীর্ঘদিন শ্রম দিতে পারবেন এমন নেতাদেরও কমিটিতে রাখলে ভাল হয়। জেলার মাননীয় সংসদ সদস্যগণ এবং জেলা কমিটির সভাপতি’র সঙ্গে কথা বলেছি। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গেও ২ দিন আগে দেখা করে কথা বলেছি। আমরা আশা করছি ১২ অক্টোবরের মধ্যেই জেলা কমিটির তালিকা কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তুলে দিতে পারবো’।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বৃহস্পতিবার সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করেছেন জানিয়ে বলেন,‘অনেক কথাই হয়েছে, রাজনৈতিক আলোচনাও হয়েছে’।

  • [১]