স্টাফ রিপোর্টার
ধর্মপাশা উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি ও ছাত্রদলের সাবেক তিন নেতাকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিপুল পরিমাণ অর্থ দিয়ে ওই তিনজন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বলে অভিযোগ স্থানীয় আ.লীগ নেতা-কর্মীদের। তবে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত তিন চেয়ারম্যান প্রার্থী।
দলীয় সূত্রে জানা যায়, ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে উপজেলা বিএনপি’র সাবেক শিক্ষা সম্পাদক ফেরদৌসুর রহমান ও সেলবরষ ইউনিয়নে উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি আলা উদ্দিন শাহ এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। এর আগে ২০১১ সালে ফেরদৌস বিএনপি সমর্থিত প্রার্থী হয়ে পাইকুরাটি ইউনিয়ন পরিষদে নির্বাচন করেছেন। পরে বিএনপি’র সাবেক নেতা ফেরদৌসুর রহমান ও আলা উদ্দিন শাহ আওয়ামী লীগে যোগদান করেন।
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক ইকবাল জানান, গত ৬ মে তাকে পাইকুরাটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়। পরে মোটা অংকের টাকার বিনিময়ে তার মনোনয়ন কেড়ে নিয়ে উপজেলা বিএনপি’র সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমানকে মনোনয়ন দেয়া হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূর হোসেন জানান, তিনি উপজেলার সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে এ ইউনিয়নে উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলা উদ্দিন শাহকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির লোককে নৌকা প্রতীক দিয়ে আওয়ামী লীগকে অপমানিত করা হয়েছে।
একইভাবে মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদে সাবেক ছাত্রদল নেতা বিএনপি পরিবারের সদস্য আজিম মাহমুদ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বলেও অভিযোগ করেছেন মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন।
আজিম মাহমুদের মনোনয়নের বিষয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আকরাম হোসেন আওয়ামী লীগের সভাপতি প্রধামন্ত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডে লিখিত অভিযোগ করেছিলেন।
লিখিত অভিযোগে আকরাম হোসেন উল্লেখ করেছেন, আজিম মাহমুদ ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী ডা. রফিক চৌধুরীর পক্ষে নির্বাচনে অংশ নেন ও ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা চালায়। একই বছর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মোতালিব খানের গাড়ি বহরে নেতৃত্ব দেন আজিম মাহমুদ। এছাড়াও তিনি ওই নির্বাচনে আবদুল মোতালিব খানে পক্ষে সক্রিয়ভাবে কাজ করেন।
পাইকুরাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ফেরদৌসুর রহমান বলেন,‘ আমি ৩ বছর আগে আওয়ামী লীগে যোগদান করেছি। বর্তমানে আমি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। আমি কখনো বিএনপি’র কোন পদে ছিলাম না। আমি অর্থ দিয়ে মনোনয়ন পাইনি। শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে দলীয় মনোনয়ন দিয়েছেন।’
সেলবরষ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত আলা উদ্দিন শাহ বলেন,‘ গত ৭ বছর আগে আওয়ামী লীগে যোগদান করেছি। এখন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করে হেয় প্রতিপন্ন করতে এসব কথা বলছে।’
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত আজিম মাহমুদ বলেন,‘আমি জেলা ছাত্রলীগ ও মধ্যনগর থানা আওয়ামী লীগের সদস্য। আমার চাচা আব্দুল বাতেন রমনা থানার ডিসি থেকে প্রমোশন পেয়ে ডিএমপির যুগ্ম কমিশনার হয়েছেন। আমরা যদি বিএনপির রাজনীতি করতাম তাহলে চাচার প্রমোশন হতো না। আমার পরিবার বিএনপি করে অভিযোগকারী আকরাম হোসেন এ ধরণের কোন তথ্য দেখাতে পারবেন না। ’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিছ বলেন,‘ যারা এই তিন ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তারা এখন আওয়ামী লীগের রাজনীতি করছেন। আগে কি করেছেন সেটা না দেখে সকল আওয়ামী লীগ নেতা-কর্মীদের উচিত তাদের পাশে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করা।
স্থানীয় সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘ বিভিন্ন ইউনিয়নে শুধু বিএনপিই নয়, যারা এক সময়ে জামায়াতের রাজনীতি করত তাদেরকেও আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে। দলের তৃণমূল পর্যায়ে যারা ত্যাগী নেতা তাদের মনোনয়ন দেয়া হয়নি। এটা আমাদের জন্য অন্তত দুর্ভাগ্য। তবে আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু দলীয় মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগের সকল নেতা-কর্মীকে তার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান বলেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ যাদের দলীয় মনোনয়ন দেয়া জন্য অনুমোদন দিয়ে জেলায় পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ তাদেরকে দেয়ার জন্যই সুপারিশ করেছে। আগে কেউ এভাবে জোর দিয়ে কোন কিছুই বলেনি। মনোনয়ন না পেয়ে এখন অনেকেই এসব অভিযোগ করছে। যেসব ইউনিয়নে ঝামেলা ছিল আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে আলোচনা করেই প্রার্থী বাছাই করতে।’