বিশেষ প্রতিনিধি
ছাতকের ১৩ উপজেলার ৪ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পরাজয়ের নেপথ্যে ছিল- প্রার্থীর ব্যক্তিগত আচরণ সংকট, ইমেজ সংকট, দলীয় কোন্দল এবং সর্বশেষ প্রতিপক্ষের প্রার্থীর সঙ্গে পাল্লা দিয়ে টাকা খরচ করতে না পারা।
ছাতকের নোয়ারাই ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান (বিগত মেয়াদের) আফজাল আবেদীন আবুল’র প্রতি ইউনিয়নের ভোটাররা অসন্তুষ্ট ছিলেন। এ কারণেই প্রায় ২২০০ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি।
আফজাল আবেদীন আবুলের প্রতি অভিযোগ ছিল তিনি স্থানীয় লোকজনকে মামলা-মোকদ্দমায় যুক্ত রাখতেন। ইউনিয়নের নাইন্দার হাওর নামের একটি হাওর ইজারা নিয়েও স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায়ের বড় একটি অংশ তার উপর ক্ষুব্ধ ছিল।
আফজাল আবেদীন আবুল অবশ্য বলেছেন,‘আমার ইউনিয়নে প্রশাসনের পক্ষপাতিত্ব ছিল, আমার কর্মীদের নানাভাবে হয়রানি করা হয়েছে। এছাড়া ইউনিয়নে আওয়ামী লীগ বিরোধী ভোটারদের গ্রাম হিসাবে পরিচিত মির্জাপুর, বেতুয়া, চাঁনপুর ও রংপুরের ভোটাররা ধানের শীষে ভোট দেন, এরা এবার ধানের শীষে না দিয়ে নৌকা ঠেকানোর জন্য বিদ্রোহী প্রার্থীর চশমা প্রতীকে ভোট দিয়েছেন। দলীয় কিছু নেতা কর্মীও প্রকাশ্যে আমার বিরোধিতা করেছে। আবার বিএনপির কিছু নেতাও বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ছিল, একারণেই অনেক ভোট পেয়েও আমি হেরেছি’।
জাউয়াবাজার ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মুহিবুর রহমান মানিক সমর্থক নুরুল ইসলামের মাত্র ৬২ ভোটে পরাজয়ের অন্যতম কারণ নির্বাচনের আগের দিন ইউনিয়নের দেবেরগাঁওয়ের রঞ্জিত নামের এক ব্যক্তিকে নুরুল ইসলামের ভাই সৈয়দুর রহমানের অসৌজন্যমূলক আচরণ করা। রঞ্জিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম সমর্থক রেজা মিয়া তালুকদারের পক্ষের হওয়ায় সৈয়দুর রহমান তার সঙ্গে খারাপ আচরণ করেন। সঙ্গে সঙ্গে মুখে মুখে এবং ফেইসবুকে এই বিষয়টি প্রচার হওয়ায় দেবেরগাঁওসহ পুরো ইউনিয়নের হিন্দু ভোটাররা ক্ষুব্ধ হন এবং ভোটেও এর প্রভাব পড়ে’।
এছাড়া নুরুল ইসলামের দল বদল, গ্রুপ বদলের বিষয়টি প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা প্রচারণায় ব্যাপকভাবে নিয়ে আসায় ভোটাররা নেতিবাচকভাবে নেন। এজন্য বিদ্রোহী প্রার্থীর মুরাদ হোসেনের জয় নিশ্চিত হয়। অন্যদিকে বিদ্রোহী প্রার্থী মুহিবুর রহমান মানিকের আরেক সমর্থক মুরাদ হোসেনের ১১ গ্রামের একতা-আঞ্চলিকতা এবং অন্য প্রার্থীরা ঐ এলাকায় ভালোভাবে প্রচারণা চালাতে না পারায়ও তার (মুরাদ হোসেনের) জয়ী হতে সুবিধা হয়।
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে মূলত ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সঙ্গে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী আওলাদ আলী রেজার প্রেষ্টিজের লড়াই ছিল। এছাড়া আওলাদ আলী রেজার চাচাতো ভাই আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান (বিগত মেয়াদের) সুন্দর আলীর পেট্রোল পাম্পের জমি নিয়ে বিরোধও ছিল। আওলাদ আলী বিদ্রোহী প্রার্থী আখলাকুর রহমানকে সমর্থন দেওয়ায় ভোটে প্রভাব পড়ে। এছাড়া বিপূল অংকের টাকাও আখলাকুর রহমান খরচ করেছেন বলে প্রচারণা রয়েছে ইউনিয়নজুড়ে।
চরমহল্লা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান (বিগত মেয়াদের) মুক্তিযোদ্ধা কদর আলীর খিটমিটে মেজাজ এবং ভোটারদের প্রতি আচরণ ভাল না করার অভিযোগ রয়েছে ভোটারদের। এছাড়া শেষ মূহূর্তে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল হক ও বিএনপি প্রার্থী আবুল হাসনাতের (নবনির্বাচিত চেয়ারম্যান) ন্যায় টাকাও খরচ করতে পারেননি তিনি।
শেষমেষ উপজেলার ১৩ ইউনিয়নের ৯ ইউনিয়নে নৌকা প্রতীকের জয় হয়। এর মধ্যে ৬ জন স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সমর্থক। ৩ জন পৌর মেয়র আবুল কালামের সমর্থক। ১ জন বিএনপি এবং দলীয় বিদ্রোহী ৩ জনের ১ জন মুহিবুর রহমান মানিকের সমর্থক এবং ২ জন আবুল কালামের সমর্থক ।