- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইংরেজি মাধ্যমের জন্য কেন আলাদা প্রশ্ন নয়

সু.খবর ডেস্ক
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ইংরেজি মাধ্যম থেকে আসা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা কেন আলাদা প্রশ্নপত্রে হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কেন তাদের (ও লেভেল, এ লেভেল পাশ করা শিক্ষার্থী) সমান অধিকার দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
ভর্তিচ্ছু এক ছাত্রের অভিভাবক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এম আতিকুর রহমানের আবেদনের শুনানি নিয়ে রবিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও শেখ হাসান আরিফের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
সন্তান ইংরেজি মাধ্যমের ছাত্র হওয়ায় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য পৃথক পরীক্ষা পদ্ধতির ব্যবস্থা না থাকায় এ রিট করেন বলে জানিয়েছেন এম আতিকুর রহমান।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বাস্থ্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, মেডিকেল এডুকেশনের পরিচালককে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেজা মো. সাদেকীন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

  • [১]