- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট–ওয়ানডেতে জয়ের আশা সাকিবের

সু.খবর ডেস্ক
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে প্রায় দেড় মাস ওয়েস্ট ইন্ডিজে ছিলেন সাকিব আল হাসান। নিজের দল জ্যামাইকা তালওয়াসকে শিরোপা জিতিয়ে শুক্রবার সকালে ফিরেছেন দেশে। সাকিবের চোখ এখন অক্টোবরে ইংল্যান্ড সিরিজে। ইংলিশদের বিপক্ষে টেস্ট-ওয়ানডে দুটি সিরিজই জিততে চান বাঁহাতি অলরাউন্ডার।
সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে নিয়মিত ভালো করছে বাংলাদেশ। গত কিছুদিনের সাফল্যই সাকিবকে স্বপ্ন দেখাচ্ছে অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট-ওয়ানডেতে দুর্দান্ত কিছু করার, ‘আমি মনে করি, আমাদের অবশ্যই ওয়ানডে সিরিজ জেতা উচিত। বিশ্বাস করি, টেস্টেও জেতার সামর্থ্য আছে। অবশ্যই চেষ্টা করব দুই ম্যাচের একটি জয় ও একটিতে যেন ড্র করতে পারি। মোট কথা, টেস্ট-ওয়ানডে দুটি সিরিজেই জিততে চাই। আমি মনে করি, পুরো দলও এটা চায়।’
সিপিএলে এবার সাকিব ১৩ ম্যাচে করেছেন ১৬০ রান। হাফ সেঞ্চুরি আছে ১টি। পাশাপাশি নিয়েছেন ১২ উইকেট। নিজের পারফরম্যান্সে তৃপ্ত এই অলরাউন্ডার, ‘আমার কাছে মনে হয় পারফরম্যান্স ভালোই ছিল। টি-টোয়েন্টিতে যেখানে ব্যাটিং করি ওভাবে সুযোগ আসে না। দলের প্রয়োজনে যেদিন ভালো খেলার দরকার ছিল, বেশির ভাগ সময়েই তা করতে পেরেছি। এতে আমি খুশি।’
টি-টোয়েন্টিতে (ঘরোয়া ও আন্তর্জাতিক) কদিন আগে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন সাকিব। এই অর্জনে অবশ্য তৃপ্ত হতে চান না তিনি, ‘অন্য যারা আছে, তারাও গ্রেট বোলার। যেহেতু অনেক ম্যাচ খেলার সুযোগ হয়েছে, ভাগ্যবানও হয়তো ছিলাম, এ কারণে এতগুলো উইকেট পাওয়ার সুযোগ হয়েছে। চেষ্টা করব এটা ধরে রাখতে।’
কাল লন্ডনের কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালে সফলভাবেই শেষ হয়েছে মুস্তাফিজুর রহমানের বাঁ কাঁধের অস্ত্রোপচার। জাতীয় দলের সতীর্থকে শুভকামনা জানাচ্ছেন সাকিব, ‘দলে (জাতীয়) যারা খেলে সবাই গুরুত্বপূর্ণ। সবার অবদানই দরকার হয়। সে বাংলাদেশের হয়ে খুব ভালো শুরু করেছে। অবশ্যই ওর দলে থাকা ও সুস্থ থাকাটা গুরুত্বপূর্ণ। আশা করি, সে দ্রুত সেরে উঠবে এবং দলে ফিরবে।’
দেশে ফিরলেও আপাতত জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেওয়া নিয়ে নিশ্চিত কিছু বলেননি সাকিব, ‘দেখি, কোচের সঙ্গে কথা বলব। কতটা বিশ্রাম বা কী করা উচিত, আলোচনা করে ঠিক করব।’

  • [১]