৩ উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক জনপ্রতিনিধিদের আস্থা ও বিশ্বাস ধরে রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণ ভাল মানুষ মনে করেই তাঁদেরকে নির্বাচিত করেছেন। জনগণের এই মনোভাবকে গুরুত্ব দিতে হবে। জনপ্রতিনিধিগণের যাত্রা শুরুর প্রাক্কালে এমন প্রত্যাশা করাটাই অধিকতর সঙ্গত বলে আমরা মনে করি। আমরা মনে করি জনগণ নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুকূলে সমর্থন ব্যক্ত করে যে মহান দায়িত্ব অর্পন করেছেন তাঁরা এর মর্যাদা রক্ষায় পুরো দায়িত্বকাল সচেতন থাকবেন। সাধারণত এরকম সচেতনতাবোধ থেকেই দায়িত্ব ও কর্তব্যবোধ জাগ্রত হয়। সুতরাং জেলা প্রশাসকের মতো আমরাও তাঁদের নিকট অনুরূপ প্রত্যাশা ব্যক্ত করে শুভ যাত্রারম্ভ কামনা করি।
জনপ্রতিনিধিত্ব করার জন্য যারা সমাজে নিজেদেরকে তৈরি করেন মুখ্যত তাদের প্রধান উদ্দেশ্য থাকে সমাজসেবা। রাজনীতি কিংবা জনপ্রতিনিধিত্ব কখনও কোন আয়যোগ্য বৃত্তি নয়। আমাদের সুদীর্ঘ সামাজিক অনুশীলনে এই বৃত্তিকে একটি মহৎ আদর্শ হিসাবেই লালন ও পালন করা হয়েছে। জনপ্রতিনিধি হতে ইচ্ছুকরা যখন নির্বাচকম-লীর রায় গ্রহণ করার জন্য আসেন তখন তারা ‘জনসেবা’র মহান আদর্শের কথাই সামনে নিয়ে আসেন। সুতরাং প্রতিশ্রুতিমতো দায়িত্বকালে তাঁরা জনসেবার উদাহরণ তৈরি করবেন এমনটাই সকলের সাধারণ প্রত্যাশা থাকে। কিন্তু এখন তাহলে এ নিয়ে কেন এতো কথা উঠে? এর পিছনে কারণ হলো সাম্প্রতিক সময়ে জনসেবার এই পবিত্র অঙ্গনটি কলুষিত হওয়া শুরু করেছে। এখানে নির্বাচিত হয়ে যারা আসেন তারা জনগণের সেবার পরিবর্তে অনেকেই আত্মসেবায় নিয়োজিত হয়ে পড়েন। আমরা দেখেছি জনপ্রতিনিধি নামধারী অনেকের জনস্বার্থবিরোধী কার্যকলাপের দৃষ্টান্ত। এইসব আদর্শবিচ্যুত জনপ্রতিনিধিগণের কারণে আজ তাঁদের সম্পর্কে একধরনের নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। আর এ কারণেই এত কথা। জনপ্রতিনিধিত্ব সম্পর্কে জনমনে জাগ্রত নেতিবাচক মনোভাব দূর করার দায়িত্ব তাঁদেরই। মহান ভাবমূর্তি ও উচ্চ আদর্শ দ্বারা নিজেদের হৃত গৌরব পুনরুদ্ধার করবেন তাঁরা, এইটিই সকলের আকাক্সক্ষার জায়গা।
গণতান্ত্রিক সমাজে জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালিত হয়। সরকারের অপরাপর প্রতিষ্ঠানগুলো তাঁদের নির্দেশনায় পরিচালিত হয়। রাজনীতিবিদরা যখন আদর্শতাড়িত হয়ে ন্যায়ানুগ পন্থায় সরকার পরিচালনা করেন তখন তার অধীনস্থ প্রতিষ্ঠানগুলো সুপথে চলতে বাধ্য। আজ আমাদের সমাজ দেহে যে বিশাল দুর্নীতি ও অন্যায়ের পাহাড় গড়ে উঠেছে তা দূর করতে হলে রাজনীতি ও জনপ্রতিধিত্বকে সবার আগে কলুষমুক্ত করতে হবে। কারণ মাথার পচন রোধ করা না গেলে পুরো শরীরের পচন আটকানো কিছুতেই সম্ভব নয়। এবার বিভিন্ন ইউনিয়নে বহু নতুন লোক নির্বাচিত হয়ে এসেছেন। পুরাতনদের মধ্যে যারা মানুষের আস্থা ধরে রাখতে পেরেছিলেন তারা পুনঃনির্বাচিত হয়েছেন। এই যে নতুন জনপ্রতিনিধিগণের মাধ্যমে আমাদের ইউনিয়ন পরিষদগুলো পরিচালিত হবে সেখানে প্রথম থেকেই নীতি-নৈতিকতার চর্চা শুরু হোক, বন্ধ হোক সবধরনের অপতৎপরতা, এই সকলের কামনা। এইরূপ হলে পাঁচ বছর পর নির্বাচিতরা বুক টান করে জনগণের দুয়ারে গিয়ে আবারও সমর্থন পাওয়ার জন্য দাঁড়াতে পারবেন। তাই শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক যে আশাবাদ ব্যক্ত করেছেন তার মর্মবাণী অনুসরণ করে নবনির্বাচিতরা ভবিষ্যতের পথ রচনা করবেন এমন শুভ ইচ্ছা প্রকাশের মাধ্যমে আমরা তাঁদের যাত্রা শুরুর শুভলগ্নে অভিনন্দন জানাই।