স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন,‘স্থানীয় সরকারের শেষ স্থর প্রতিটি ইউনিয়ন পরিষদকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় বাড়াতে হবে। কিভাবে নিজেদের আয় ও স্বক্ষমতা বৃদ্ধি করা যায় সেদিকে নজর দিতে হবে। প্রতিটি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’ তিনি আরো বলেন,‘ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় বৃদ্ধি করতে ট্যাক্স আদায় নিশ্চিত করতে হবে। এলাকার পতিত জমি ও জলাশয়কে চাষাবাদের আওতায় আনতে হবে। এক সময় ইউনিয়ন পরিষদের নানা কর্মকান্ড ও আর্থিক খাতে গড়মিল হত। কিন্তু এখন এলজিএসপি হওয়ায় তা রোধ হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে।’
বুধবার দিনব্যাপি দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) এর আওতায় জেলা পর্যায়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিংহের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, ইউপিজিপি প্রকল্পের জেলা ফেসিলিটেটর খন্দকার রবিউল আউয়াল নাসিম। কর্মশালায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার, সনাকের সভাপতি নুরুর রব চৌধুরী, এটিএন বাংলা ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, আরটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের সুনামগঞ্জের সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়দুদ, ইউপি সদস্যা মাজেদা আক্তার প্রমুখ। কর্মশালায় বিভিন্ন স্কুলের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় এলজিএসপি-২ প্রজেক্টের উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি প্রদর্শন ও বিভিন্ন সম্ভাবনা তোলে ধরা হয়।