- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, গ্রেফতার ১

ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটুর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামী তালেব আলীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে মধ্যনগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তালেব আলী নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুড়ল গ্রামের মৃত শাহবাজ আলী ফকিরের ছেলে। গত রোববার রাতে টিটুর চাচাতো ভাই সমরেন্দ্র তালুকদার তালেব আলীসহ কয়েক জনের বিরুদ্ধে মধ্যনগর থানায় মামলা করেছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর ইউনিয়নের টুকেরবাজার বণিক সমিতির সভাপতি নির্বাচন ও বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদের ছোট ভাই কামাল হোসেনের সাথে টিটুর সমর্থক আব্দুল হালিমের দ্বন্দ্ব শুরু হয়। গত শনিবার সকালে কামাল হালিমকে সভাপতি পদে নির্বাচন না করার জন্য মুঠোফোনে হুমকি দেয়। এরই জেরে মধ্যনগর বাজারে টিটুর আরেক সমর্থক বাবলু বিশ্বাসকে মারপিট করে মোস্তাকে ভাইয়েরা। বিষয়টি বাবলু টিটুকে ফোনে জানালে টিটু মোস্তাককে ফোনে দেখে নেওয়ার হুমকি দেয় এবং দুপুর ১২টার দিকে টিটু ৭টি মোটরসাইলে অন্তত ১৫/২০ জন লোক নিয়ে মধ্যনগর বাজারের দিকে রওয়ানা দিলে পথিমধ্যে খালিসাকান্দা নামক স্থানে মোস্তাকের ছোট ভাইদের সাথে সংঘর্ষ হয়। এতে টিটুসহ মোস্তাকের ভাই রেজাউল, জুয়েল, সুলেমান আহত হয়। এছাড়াও মধ্যনগর বাজারে সাবেক ইউপি সদস্য মফিজ তালুকদারকেও মারপিঠ করে মোস্তাকের ভাইয়েরা। ওইদিন রাতে টুকেরবাজারে মোস্তাকের ছোট ভাই আলামিনের দোকান ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন।
মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব বলেন, ‘চেয়ারম্যানের ওপর আক্রমণের ঘটনায় দায়ের করা মামলায় তালেব আলী এজাহারভুক্ত আসামী। তাকে আদালতে সোপর্দ করা হবে।’

  • [১]