- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইউপি নির্বাচনে উপজেলায় দায়িত্বশীলদের ভূমিকা জানতে ব্যারিস্টার ইমনের চিঠি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের যে সব উপজেলায় দলীয় প্রার্থী জয়ী হতে পারেনি, কেন জয়ী হলো না, জানতে চেয়ে দায়িত্বশীলদের জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। আবার যেখানে দলীয় প্রার্থীরা ভালো করেছে, কী কৌশল ছিল, জানতে চাওয়া হয়েছে। যে সব উপজেলায় নির্বাচন হবে দায়িত্বশীলরা প্রার্থীদের জয়ী করার বিষয়ে কী কী উদ্যোগ নিয়েছেন একইভাবে সেই তথ্যও জানতে চাওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন মঙ্গলবার  জেলার ১১ উপজেলায় দায়িত্বশীলদের কাছে এই চিঠি দিয়েছেন।
সুনামগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, দোয়ারাবাজার উপজেলায় আহ্বায়ক ইদ্রিছ আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক লুৎফুর রহমান সুরকুম, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিম চন্দ্র দাস, সাধারণ সম্পাদক আলামিন চৌধুরী, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নবী হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁ, সাধারণ সম্পাদক অমল কর, মধ্যনগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল আউয়াল তালুকদার, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করীম রিজুকে এই চিঠি দেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন চিঠিতে উল্লেখ করেছেন,‘আপনার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় এবং পরাজয়ের সুনির্দিষ্ট কারণ এবং উপজেলায় আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থার একটি বিশদ বিবরণ আগামী ৭ দিনের মধ্যে জেলা আওয়ামী লীগ বরাবরে প্রেরণ করার জন্য অনুরোধ করা হল’। একইভাবে যেখানে নির্বাচন হচ্ছে সেখানে নেতাদের কাছে জানতে চাওয়া হয়েছে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য কী কী উদ্যোগ গ্রহণ করেছেন দায়িত্বশীলরা।
দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইদ্রিছ আলী বীরপ্রতীক চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেছেন, ‘দলীয় শৃঙ্খলা রক্ষা এবং দলকে আরো প্রগতিশীল ও শক্তিশালী করতে পদক্ষেপ নেবার জন্যই এই চিঠি’।

  • [১]