সু.খবর ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দলীয় প্রতীক দেওয়ার কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘাত হচ্ছে- কথাটি ঠিক নয়। তবে কোনো সংঘাত গ্রহণযোগ্য নয়। সরকারি বাসভবন গণভবনে বুধবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘কোথাও কোথাও সংঘাত হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ শুধু চেয়ারম্যান পদে দলীয় প্রতীক দিয়েছে। নির্বাচন মেম্বার পদেও হচ্ছে। তাদের মধ্যেও মারামারি হচ্ছে। তাছাড়া অন্যান্য দলও নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি দলীয়ভাবে অংশ না নিলেও তাদের প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছে। সুতরাং দলীয় প্রতীক দেওয়ার কারণে সংঘাত হচ্ছে- কথাটি ঠিক নয়।’
শেখ হাসিনা বলেন, ‘এ নির্বাচনে আওয়ামী লীগের কেউ কোনোভাবে সংঘাতে জড়ালে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো, যুক্তরাজ্যের রাজধানী লন্ডন এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে সরকারি সফর করেন। দুই সপ্তাহের এই সফরে ৩১ অক্টোবর গ্লাসগো পৌঁছান তিনি।
সেখানে ২৬তম বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলনের (কপ২৬) উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি মূল অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ ছাড়া সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন এবং স্কটল্যান্ডপ্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।
সফরকালে ৩ নভেম্বর গ্লাসগো থেকে লন্ডন পৌঁছান শেখ হাসিনা। সেখানে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে একটি রোড শো উদ্বোধন করেন এবং বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। এছাড়া লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী।
৯ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছান শেখ হাসিনা। সেখানে এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোনের সঙ্গে এবং দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবনে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। প্রধানমন্ত্রী ইউনেস্কো সদর দপ্তরে ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ইউনেস্কোর ৪১তম সাধারণ সম্মেলন, প্যারিস শান্তি ফোরাম, ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং উচ্চ পর্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও যোগ দেন। ১৩ নভেম্বর ফ্রান্স থেকে দেশের উদ্দেশে রওনা হয়ে ১৪ নভেম্বর সকালে ঢাকায় পৌঁছান শেখ হাসিনা।
সবাই টাকা উপার্জন করে ট্যাক্স কতজন দেয়, প্রশ্ন প্রধানমন্ত্রীর
দেশে অনেকে ট্যাক্সের টাকা ফাঁকি দেওয়ায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সবাই টাকা উপার্জন করে ট্যাক্স কতজন দেয়? সাংবাদিকদের প্রতি এমন প্রশ্ন ছুঁড়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের চাল, ডাল, বাড়ি-গাড়ি সবই আছে। তারপরও ট্যাক্স ফাঁকি দেওয়ার দিকে নজর এবং এটাই বাস্তবতা। সরকারের টাকা আসবে কোথায় থেকে। এখন বিদ্যুৎ সবার ঘরে ঘরে। এখানেও ভর্তুকি দিতে হচ্ছে। কিন্তু উৎপাদন খরচ তুলতে পারছি না।’
সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, ‘জিনিসপত্রের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে, সে ব্যবস্থা আমরা নিয়েছি। উৎপাদন বাড়ানোর সব ব্যবস্থা নিয়েছি। বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। আমাদের তেল কিনে আনতে হয়।’
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন কত টাকা ডিজেলে ভর্তুকি দিতে হয়। পরে তিনি নিজেই উত্তর দেন।
তিনি বলেন, ‘২৩ হাজার কোটি টাকা ডিজেলে ভর্তুকি দিতে হয়। বিদ্যুৎসহ সব মিলিয়ে ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকি। কৃষকদের জন্য সারের দাম আমারা কমিয়েছি। যে সার ৯০ টাকা ছিল তা কমিয়ে ১৫-১৬ টাকা করেছি। কৃষিতে প্রতিটি ক্ষেতে সহায়তা দিয়েছি। কার্ড করে দিয়েছি। এখন কৃষক ১০ টাকায় অ্যাকাউন্ট খুলতে পারে। যার মাধ্যমে ভর্তুকির টাকা সরাসরি তাদের কাছে যায়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের প্রতি যে দায়িত্ববোধ, তা নিয়ে আমরা সবসময় সচেতন। করোনাকালে গ্রাম পর্যায় পর্যন্ত কৃষক থেকে শুরু করে কোনো শ্রেণি-পেশার মানুষ নেই যাদের আমরা অর্থ দিয়ে সাহায্য করিনি। করোনার সময় ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা দিয়েছি। সুদের হার কমিয়ে অর্ধেক সরকারের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করেছি। যাতে ব্যবসা-বাণিজ্য ঠিক থাকে। শ্রমিকরা যাতে বেতন পায় তার ব্যবস্থা করেছি।’
অনেক উন্নত দেশে খাদ্যের জন্য হাহাকার করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘লন্ডনে সুপারমার্কেটে সাপ্লাই নেই। খাবার জিনিস পর্যন্ত পাওয়া যায় না। তবে বাংলাদেশের কোনো খাদ্যের হাহাকার নেই।’
খালেদা জিয়ার প্রতি মানবতা দেখিয়েছি: শেখ হাসিনা
নিজের ক্ষমতাবলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে বাসায় থাকতে দিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার প্রতি আমি মানবতা দেখিয়েছি। আমার হাতে যেটুকু পাওয়ার সেটুকু দেখিয়েছি। শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিয়েছি, চিকিৎসা করতে দিয়েছি এটাই কি বেশি না? আপনাকে যদি কেউ হত্যা করার চেষ্টা করত আপনি কি তাকে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন? বা আপনার পরিবারকে যদি কেউ হত্যা করতে সেই হত্যাকারীদের বিচার না করে বিভিন্ন দূতাবাসে চাকরি দিত তাদের জন্য আপনি কী করতেন?’
তিনি আরও বলেন, ‘ছিয়ানব্বাই সালের ১৫ ফেব্রুয়ারি ইলেকশনে হত্যাকারীকে পার্লামেন্টে বসানো। যেখানে আমি বিরোধীদলীয় নেতা ছিলাম সেখানে বসানো হলো কর্নেল রশীদকে। কে করেছিল? খালেদা জিয়া। খায়রুজ্জামান আসামি, তার মামলার রায় হবে। চাকরি নাই। খালেদা জিয়া ক্ষমতায় এসে সেই আসামিকে চাকরি দিলেন ফরেন মিনিস্ট্রিতে। অ্যাম্বাসেডর করে পাঠালেন। পাশা একজন খুনী। সে সেনাবাহিনীর অফিসার ছিল। মারা গেছে। ক্ষমতায় এসে মৃত ব্যক্তিকে প্রমোশন দিয়ে তার অবসর ভাতা-টাতা সব দিয়ে দিল। আর গ্রেনেড হামলার পর বলে দিল কী! আমি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়ে আত্মহত্যা করতে নিজেই নিজেকে গ্রেনেড মেরেছিলাম।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কোটালি পাড়ায় বোমা যখন পোঁতে তার আগে তার (খালেদা জিয়া) বক্তৃতা কী ছিল- শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা বিরোধীদলীয় নেতাও হতে পারবেন না। বলেছিল কারণ মরেই তো যাব। কিন্তু রাখে আল্লাহ মারে কে! এতোকিছুর পরেও খালেদা জিয়ার প্রতি দয়া দেখাতে আপনারা বলেন! কেউ এই প্রশ্ন করলে আমার মনে হয় আপনাদের একটু লজ্জা হওয়া উচিত- এই কথাটা অন্তত আমাকে বলার…। যারা আমার বাপ-মা, ভাই-বোন… এমনকি আমার ছোট রাসেলকে পর্যন্ত হত্যা করিয়েছে। তারপরেও আমরা অমানুষ না। অমানুষ না দেখেই আমার এক্সিকিউটিভ অথোরিটি আমার হাতে যতোটুকু আছে ততটুকু দিয়েই তাকে বাসায় থাকার, চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বাকিটা আইনগত ব্যাপার।
তিনি আরও বলেন, ‘দুর্নীতি করে করে এই দেশটাকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে গেছে। গ্রেনেড হামলায় ২২ জন লোক মারা গেছে, একদিন পার্লামেন্টে সেটা নিয়ে আলোচনা করতে দেয়নি। এতো বড় অমানবিক যে তাকেই আমি মানবতা দেখিয়েছি। আমার হাতে যেটুকু পাওয়ার সেটুকু দেখিয়েছি। আর কতো চান? এখন সে অসুস্থ। ওই যে বললাম না, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে… সেটাই মনে করে বসে থাকেন। আমার যেটা করার ছিল করে দিয়েছি।’
সূত্র : সমকাল