- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইউপি নির্বাচনে রাজনৈতিক দল তৃণমূল কমিটি একক প্রার্থী নির্ধারণ করতে পারছে না কেন?

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর তৎপরতা বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই কোন না কোন ইউনিয়ন কমিটি ওই ইউনিয়নের প্রার্থী তালিকা চূড়ান্ত করে পরবর্তী উর্দ্ধতন স্তরের নিকট পাঠাচ্ছে। এতে করে দলগুলোর সাংগঠনিক কর্মৎপরতায় গতি সঞ্চারিত হয়েছে। রাজনৈতিক দল নিয়মিত কর্মসূচীর মধ্যে থাকলে দলের শক্তি ও গণসম্পৃক্ততা বাড়ে। কর্মী-নেতাদের মধ্যে গণতান্ত্রিক অনুশীলন ও চর্চার বিস্তৃতি ঘটে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র তৃণমূলের এই সাংগঠনিক তৎপরতার ব্যাপকতা আমাদের রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে সহায়ক হতে পারে। কিন্তু ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটিগুলো কী করছে? গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, স্বল্পসংখ্যক ইউনিয়ন কমিটি চেয়ারম্যান পদে একক প্রার্থী বাছাইয়ে সক্ষম হয়েছে। অধিকাংশ ইউনিয়ন কমিটি নির্বাচন করতে ইচ্ছুক প্রার্থীদের মধ্যে কোনরূপ বাছাই করতে না পেরে সকলের নামই কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছে। চেয়ারম্যান পদে একক প্রার্থীতা নির্ধারণ করতে না পারাটা সংশ্লিষ্ট কমিটিগুলোর দুর্বলতা বলেই বিবেচিত হবে। কারণ গণতান্ত্রিক কেন্দ্রিকতার মূল কথাই হলো তৃণমূল থেকে আসা সিদ্ধান্ত ধাপে ধাপে উচ্চতর পর্যায়ে গিয়ে চূড়ান্ত অনুমোদন লাভ করবে। এখন ইউনিয়ন কমিটিগুলো যদি চেয়ারম্যান পদে নির্বাচনে ইচ্ছুক ব্যক্তিগণের ভিতরে কে অধিকতর জনপ্রিয় ও গ্রহণযোগ্য তা নির্ধারণ করে প্রার্থীদের ক্রম-তালিকা তৈরি করতে না পারেন তাহলে গণতান্ত্রিক কেন্দ্রিকতার বিকাশ ঘটবে কীভাবে? এখানে একটি জিনিস লক্ষ্যণীয়।  ইউনিয়ন কমিটিগুলোর নেতৃবৃন্দ নির্বাচন করতে আগ্রহী প্রার্থীদের সাথে নানা সম্পর্কসূত্রে আবদ্ধ থাকেন। আত্মীয়তা, প্রতিবেশি, মুরব্বী এরকম নানা সম্পর্ক থাকে উভয়ের মধ্যে। এই সম্পর্কসূত্রের কারণে তাঁরা হয়তো প্রার্থীতা নির্বাচনের বিষয়ে কারও বিরাগভাজন হতে চান না অথবা কাউকে নিরাশও করতে আগ্রহী থাকেন না। এই কারণে সকলের নামের তালিকাই কেন্দ্রে পাঠিয়ে দিয়ে নিজেদের দায়িত্ব শেষ করেন তাঁরা। এখানে উল্লেখ আবশ্যক যে,  কোন নেতৃত্ব সকলকে সন্তুষ্ট করতে পারবে না কস্মিনকালেও। দায়িত্বশীলদের জন্য একথা আরও বেশি প্রযোজ্য। আমাদের মনে হয় রাজনৈতিক দলের ইউনিয়ন ও উপজেলা কমিটিগুলোকে আরও বেশিমাত্রায় দায়িত্ব সচেতন হতে হবে।
প্রার্থীতা নির্ধারণে তৃণমূল কমিটি যদি ঐকমত্য হতে না পারেন তাহলে উপরের কমিটি কিসের ভিত্তিতে সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তিটিকে দলের প্রার্থী হিসাবে চূড়ান্ত করবেন? তৃণমূলের এই দুর্বলতার কারণে উপরের স্তরে প্রার্থীতা নির্ধারণে নানা অগণতান্ত্রিক চর্চার সুযোগ করে দেয়। সংশ্লিষ্ট ইউনিয়নে জনগণের নিকট আস্থার প্রতীক হিসাবে যে প্রার্থী বিবেচিত হবেন তার নাম তো তৃণমূল থেকেই ঘোষিত হওয়ার কথা। এর ব্যত্যয় ঘটলে মনোনয়ন পেতে প্রচলিত অপসংস্কৃতি ও অপচর্চার পথ রুদ্ধ করা যাবে না কিছুতেই। নির্বাচনের মাধ্যমে ভাল মানুষকে নির্বাচিত করার সুযোগ থেকে বঞ্চিত হবেন নির্বাচকমণ্ডলী।
গত শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞাপন থেকে দেখা যায়, একটি ইউনিয়নে নির্বাচন করতে ইচ্ছুক ৫ চেয়ারম্যান প্রার্থী ঐক্যবদ্ধভাবে প্রতিশ্র“তি দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবেন অপর প্রার্থীরা তাঁর পক্ষেই নির্বাচনে অংশ নিবে। এটি খুবই ভাল ঘোষণা। কিন্তু এই জায়গায় সবচাইতে জটিল বিষয় হলো, ৫ প্রার্থীর মধ্যে সবচাইতে যোগ্যতম প্রার্থী নির্ধারণে দলের কেন্দ্রীয় কমিটিকে নিশ্চয়ই গলদঘর্ম হতে হবে। তৃণমূলেই যদি এই ঐকমত্য প্রতিষ্ঠা হয়ে যেত তাহলে ভাল হত না কি? তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করতে হলে ওই পর্যায়ের কমিটিগুলোকেও গণতান্ত্রিক চর্চায় উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তাহলেই রাজনীতির জন্য শুভ বারতা বয়ে আনবে এই প্রক্রিয়া।

  • [১]