- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইউপি সদস্যকে ভোট না দেয়ায় …

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ
শান্তিগঞ্জে ইউপি সদস্য প্রার্থীকে ভোট না দেওয়ায় একটি বাড়ির চার পাশে কাঁটা তারের বেড়া দিয়ে দুটি পরিবারের লোকজনকে অবরুদ্ধ করে রেখেছিলেন এক ইউপি সদস্য। চলাচলের একমাত্র রাস্তা ও বাড়ির চারপাশে স্থানীয় প্রভাবশালী পরিবারের লোকজন জোরপূর্বক কাঁটা তারের বেড়া দেওয়ায় ভুক্তভোগী দুটি পরিবার চরম দুর্ভোগে কাটিয়েছেন ৪ দিন। ঐ সময় ভুক্তভোগী পরিবারের লোকজন এবং তাদের গৃহপালিত গবাদি পশু চলাচল করতে পারেনি। চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাদের।
সরেজমিনে উপজেলার শিমুলবাক ইউনিয়নের কাঠালিয়া গ্রামের তৌফিক মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির চার পাশে কাঁটা তারের বেড়া দিয়ে অবরুদ্ধ করা হয়েছে। সেই সাথে পল্লী বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করেছে তারা।
তবে বুধবার বিকালে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উপস্থিতিতে কাঁটা তারের বেড়া কেটে পরিবারের লোকজনকে অবরুদ্ধ থেকে মুক্ত করা হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্য মৃত আব্দুল হামিদের ছেলে তৌফিক মিয়া জানান, গ্রামের আব্দুল করিমের ছেলে কামাল হোসেন ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি পরাজিত হয়ে আমাদেরকে বলেন, আমরা তাকে ভোট দেই নি, তাই তার জায়গা দিয়ে আমরা চলাচল করতে পারবো না। গত রবিবার সকালে আমাদের বাড়ির চার পাশে তার লোকজনকে নিয়ে কাঁটা তারের বেড়া দিয়ে বাড়িকে অবরুদ্ধ করে রাখেন। এই সময় গ্রামের অনেকেই বাধা নিষেধ করলেও তিনি কোন কর্ণপাত করেননি। আজ ৪ দিন ধরে আমরা একঘরে অবস্থায় দিন কাটাচ্ছি। এতে পরিবারের শিশু, বৃদ্ধ থেকে শুরু করে পরিবারের কোন সদস্যই জরুরী কাজে বসত বাড়ি থেকে বের হতে পারছি না। এমনকি আমার পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশপাশি পরিবারের সদস্যদের অন্যত্র হতে নলকূপের পানি সংগ্রহ করতে বাধা প্রদান করা হচ্ছে। ডোবার পানি ২ দিন যাবত খাইতেছি, আপনারা আমার জন্য কিছু করেন।
অভিযুক্ত কামাল হোসেন জানান, আমার জায়গায় আমি বেড়া দিয়েছি। সে যেদিকে পারে সে দিকে যাক। আমি আমার জায়গায় রাস্তা বন্ধ করেছি। কার বাপের কি।
শিমুলবাক ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান জানান, বিষয়টি গ্রামবাসীকে নিয়ে সমাধানের চেষ্টা চলছে। মানবিক বিবেচনায় রাস্তা থেকে কাঁটা তারের বেড়া উঠিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছি। তারা শুনেনি।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্জ জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকাল বেলা অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আমি থানা পুলিশকে অবগত করে ঘটনাস্থলে পাঠিয়েছি। থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে বিকেলেই উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উপস্থিতিতে কাঁটা তারের বেড়া কেটে ঐ পরিবারের লোকজনকে অবরুদ্ধ থেকে মুক্ত করা হয়। শান্তিগঞ্জ থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই বাড়িটির লোকজনকে মুক্ত করে দেন।

  • [১]