- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইকবালনগরের জলাশয় মাছ চাষে স্বাবলম্বী হতে পারে শত পরিবার

আকরাম উদ্দিন
পৌর শহরের সুনামগঞ্জ-সিলেট সড়ক এবং ইকবালনগর গ্রামের মধ্যবর্তী স্থানের জলাশয়ে পরিকল্পিতভাবে মৎস্য চাষ করে প্রায় ১শ’ পরিবার স্বাবলম্বী হতে পারে। সরকারি ঋণ সহায়তা পেলে গ্রামের লোকজন এই জলাশয়ে মাছ চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারে। এই জলাশয়কে ঘিরে বিনোদন কেন্দ্র গড়ে তোলা সম্ভব।
১৯৮৬ সাল থেকে সুনামগঞ্জ-সিলেট যাতায়াতের পরিত্যক্ত সড়কের ওপর একে একে বসতি গড়ে ওঠতে থাকে। পর্যায়ক্রমে প্রায় ১ শত পরিবারের বসতি স্থাপন হয়েছে। তৎকালীন খাদ্যমন্ত্রী প্রয়াত মেজর অব. ইকবাল হোসেনের উদ্যোগে দরিদ্র ছিন্নমূল মানুষদের এই জনবসতি গড়ে ওঠে। তখন থেকে গ্রামের বাসিন্দাদের মুখে মুখে প্রচারিত হতে থাকে বসতির নাম ইকবালনগর।
বর্তমান ও পুরাতন দুই সড়কের মধ্যবর্তী স্থানে সৃষ্টি হয়েছে জলাশয়। দৈর্ঘ্য প্রায় ৭শ ফুট, প্রস্ত ১৫০ ফুট। মাছ চাষের উপযোগী এবং নিরাপদ জলাশয় ইকবালনগর এলাকার সুনামগঞ্জ-সিলেট সড়কের লাগুয়া খাল।  
ইকবালনগর গ্রামের প্রায় সবাই দিনমজুর। গ্রামে আছেন স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়–য়া প্রায় ২শ শিক্ষার্থী। এরমধ্যে মেয়ে শিক্ষার্থী বেশি। এলাকায় রয়েছে মসজিদ ১টি, মাদ্রাসা ১টি। স্থানীয় বাসিন্দা সকল পরিবারের সাংসারিক কাজ-কর্ম চলে          
জলাশয়ের পানি দিয়ে। হাত-মুখ ধুয়া, গোসল করা, কাপড় ধূয়া ইত্যাদি কাজ চলে গ্রামের সকলের।
স্থানীয় বাসিন্দাদের মাছ চাষের পাশাপাশি এই জলাশয় এলাকায় ঢেলে সাজিয়ে করা যেতে পারে দৃষ্টিনন্দন অবসর সময় কাটানোর অন্যতম বিনোদনের স্থান। রঙিন বাতি স্থাপন করে এবং একাধিক টানা সেতু নির্মাণ করে সুদৃশ্য মনোরম স্থানে রূপান্তরিত করা যেতে পারে জলাশয় এলাকা।  
এই জলাশয়ের সৃষ্টি থেকে জেলা মৎস্য অফিসের তত্বাবধানে ইজারা দেয়া হতো। পরে কয়েক বছর যাবত সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষগণ ইজারা দেন। তখন জলাশয় ইজারা দেয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন দাঙ্গা, মামলা, জেল-জুলুম ইত্যাদি চলে আসছিল।
২০১২ সালে জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন চৌধুরীর ইকবালনগরের জলাশয় ইজারা প্রথা থেকে মুক্ত হয়। বর্তমানে স্থানীয় মসজিদের উন্নয়নের জন্য জলাশয়ের কিছু অংশে মাছের চাষ করেন স্থানীয়রা।  
সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে ইকবালনগরের খাল নামে খ্যাত জলাশয় স্থানীয় বাসিন্দাদের স্বাবলম্বী হতে সরকারী ঋণ সহায়তা প্রদান করলে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা রয়েছে গ্রামের দরিদ্র বাসিন্দাদের।
ইকবালনগরের বাসিন্দা সুন্দর শাহ বলেন, ‘এই জলাশয় ইজারামুক্ত করতে আমরা কয়েকজন দীর্ঘদিন কারাভোগ করেছি। কয়েক বছর আগে ইজারামুক্ত হওয়ায় আমরা সফল হয়েছি। এখন এই জলাশয় মাছের চাষ করে আমরা স্বাবলম্বী হতে পারবো। যদি মাছ চাষের জন্য ঋণ সহায়তা পাই।’
নুরুজ আলী বলেন, ‘এই জলাশয় মাছ চাষ করলে আমরা লাভবান হবো। অপরদিকে পানিও স্বচ্ছ থাকবে। আরও বেশি করে সাংসারিক কাজে এই পানি ব্যবহার করা যাবে।’
আবু মিয়া বলেন, ‘গ্রামের মানুষ স্বাবলম্বী হলে পরিবারের সন্তানদের শিক্ষিত করে তোলতে পারবো।’
কলেজ শিক্ষার্থী তারেক আহমদ বলেন, ‘এই গ্রামে অনেক শিক্ষিত ছেলে-মেয়ে আছে। এখনও লেখাপড়া করছেন অনেকে। এলাকায় বেশিরভাগ মানুষ দিনমজুর। বাড়ির পাশে মাছ চাষের ব্যবস্থা হলে ঐক্যবদ্ধভাবে সবাই মাছ চাষ করে দ্রুত স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে।’

  • [১]