- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইজারা প্রদানে মাঠকর্মীর বিরুদ্ধে উৎকোচ চাওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার
এলজিইডির আওতাধীন পরিচালিত বেসরকারি উন্নয়ন সংস্থা হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন (হিলিপ) প্রকল্পের জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের ছিচড়াবনি জলমহাল ইজারা বন্দোবস্ত প্রদানে সংস্থার মাঠকর্মী শওকত আলীর বিরুদ্ধে স্বজনপ্রীতি ও মোটা অংকের উৎকোচ চাওয়ার অভিযোগ উঠেছে।
ফেনারবাঁক গ্রামের ছিচড়াবনি বিল ব্যবহারকারী সংগঠন পৃথকভাবে ইউনিয়নের হিলিপের মাঠকর্মী শওকত আলীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এলজিইডির উপজেলা প্রকৌশলীর নিকট লিখিত অভিযোগ করেছেন। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ও বৃহস্পতিবার এলজিইডির উপজেলা প্রকৌশলীর নিকট লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফেনারবাঁক গ্রামের বিল ব্যবহারকারী সংগঠন গত ৮ বছর ধরে ছিচড়াবনি জলমহালে মাছ চাষ ও আহরণ করছেন। বর্তমানেও ওই জলমহালে তাদের দেয়া বাঁশ-কাটা ও পাহাড়াদার নিয়োজিত রয়েছে। সম্প্রতি হিলিপের মাঠকর্মী শওকত আলী ফেনারবাঁক ইউনিয়নের দায়িত্ব পাওয়ার পর সংগঠনের সকল সদস্যদের নিয়ে গ্রামে বৈঠক করেন। বৈঠকে তিনি বলেন, পুনরায় ছিচড়াবনি জলমহাল পেতে হলে সংগঠনের পক্ষ থেকে উপরের অফিস ও জামালগঞ্জ ইঞ্জিনিয়ার অফিসকে ২ লাখ    টাকা উৎকোচ দিতে হবে। টাকা না দিলে এই বছর জলমহালটি তাদের কাছে ইজারা বন্দোবস্ত দেয়া হবে না। পরে বিল ব্যবহারকারী সংগঠনের সদস্যরা ১ লাখ টাকা দিতে রাজী হন। তবে ওই ১ লাখ টাকার রশিদ চান তারা। ১ লাখ টাকার রশিদ প্রদানের বিষয়টি শুনে শওকত আলী সংগঠনের সদস্যদের গালিগালাজ করেন ও অন্য সমিতিকে জলমহাল দেয়া হবে বলে জানান।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, শওকত আলী ছিচড়াবনি জলমহালটি দূরের অন্য সমিতির লোকজনকে দেয়ার পায়তারা করছেন। এই জলমহালটি দূরের অন্য সমিতিকে দেয়া হলে এলাকায় আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশংক করে ছিচড়াবনি জলমাহলটি তাদেরকে ইজারা বন্দোবন্ত প্রদানের দাবি জানিয়েছেন।
ফেনারবাঁক গ্রামের ছিচড়াবনি বিল ব্যবহারকারী সংগঠনের সদস্য অভিযোগকারী আমির হোসেন বলেন,‘ নীতিমালা অনুযায়ী রেজিষ্ট্রার্ড মৎস্যজীবী সমবায় সমিতির লোকজনকে জলমহাল দেয়ার কোন বিধান না থাকলেও অমৎস্যজীবীদের মৎস্যজীবী তৈরি করে রেজিষ্ট্রার্ড মৎস্যজীবী সমিতির লোকজনকে অবৈধভাবে দেয়ার চেষ্টা করছেন শওকত আলী।’
হিলিপের মাঠকর্মী শওকত আলী বলেন,‘ আমি কারো কাছে উৎকোচ চাইনি। দাতা গোষ্ঠী, প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে নির্দেশনা এসেছে সংগঠন থেকে অমৎস্যজীবীদের বাদ দেয়ার জন্য। যে বিষয়ে অভিযোগ করা হয়েছে তার তদন্ত করা হোক। ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী অমৎস্যজীবীদের বিল ব্যবহারকারী সংগঠন থেকে বাদ দেয়া হচ্ছে। ’
২০০৯ সালের নীতিমালা বাস্তবায়নে ৬ বছর পর কেন উদ্যোগ নেয়া হলো ? এবং গত ৬ বছর কিভাবে অমৎস্যজীবীরা বিল ব্যবহারকারী সংগঠনের সদস্য হল, এবং কিভাবে গত ৮ বছর তারা ওই জলমহাল ব্যবহার করল ? এ বিষয়ে জানতে চাইলে হিলিপের মাঠকর্মী শওকত আলী বলেন,‘ এটা সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়। এর আগে ২০০৭ এর নীতিমালা বাস্তবায়ন হয়েছে। তবে গত দুই বছর ধরেই ২০০৯ এর নীতিমালা বাস্তবায়নের জন্য নির্দেশনা রয়েছে। আমরা মাঠ পর্যায়ে ২০০৯ সালের নীতিমালা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি। ’

  • [১]