- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইতিহাস গড়লেন মমতা-কুৎসার জবাব দিয়েছে মানুষ, শান্তি বজায় রাখুন রাজ্যে- মমতা

সু.খবর ডেস্ক
নবান্নের দখল ধরে রাখা সুনিশ্চিত হতেই বাংলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।  রাজ্যে শান্তি বজায় রাখার ডাক দিলেন তিনি। একা লড়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেই মমতার ঘোষণা, রাজ্যে বিজয়োৎসব চলবে ৩০ মে পর্যন্ত। গত পাঁচ বছর সরকার যে ঢালাও উন্নয়ন করেছে রাজ্যে, তার জন্যই এই বিপুল জয়। বললেন মমতা।
১৯৬৭ সালের পর এই প্রথম বাংলায় কোনও শাসক দল একা লড়াই করল। ইতিহাস গড়ে ২১৭ আসন নিয়ে ক্ষমতায় পিরলেন মমতা। গত বার কংগ্রেসের সঙ্গে জোট করে দলের ঝুলিতে ঢুকেছিল ১৮৪টি আসন। এ বার একক লড়াইতেই সেই সংখ্যাকে তৃণমূল ছাপিয়ে গেল। কংগ্রেস-তৃণণূল মিলে যত আসন জিতেছিল ২০১১ সালে, এ বার তৃণমূল একাই সেই সংখ্যার কাছাকাছি।
মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এ দিন প্রথমেই রাজ্যের মানুষকে কৃতজ্ঞতা জানান। যে বিপুল সমর্থন তৃণমূলের প্রতি উজাড় করে দিয়েছেন ভোটাররা, তাঁর জন্য রাজ্যবাসীকে তিনি ধন্যবাদ জানান। মমতার ঘোষণা, মে মাস জুড়ে এ বার সাংস্কৃতিক ও সামাজিক বিজয়োৎসব চলবে। তিনি বলেন, ‘‘ছোট ছোট ছেলেমেয়েরা সব পরীক্ষায় পাশ করেছে ভাল ফল করেছে। তাদের পুরস্কৃত করা হবে। সম্মান জানানো হবে।’’ অর্থাৎ তৃণমূলের বিপুল জয় যেমন উদযাপন করবে দল, তেমনই সামাজিক উৎসব-অনুষ্ঠান আয়োজন করে সেই বিজয়োৎসবে সামিল করা হবে আরও অনেককে।
বিপুল উন্নয়নের জন্যই এই জয়, বলেছেন মমতা। গত পাঁচ বছরে গোটা রাজ্যে তাঁর সরকার যে কাজ দেখিয়েছে, তার নিরিখেই মানুষ রায় দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী এ দিন মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘বাংলাকে গোটা রাজ্যে শ্রেষ্ঠ করে তোলাই আমার কাজ হবে।’’ আগামী পাঁচ বছর রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই তৃণমূলের সরকার কাজ করবে বলে মমতা জানান।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ২৭ মে দ্বিতীয়বারের মতো শপথ নেবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানানো হবে।
এদিকে ভারতের বিধানসভা নির্বাচনে আসাম রাজ্যে ক্ষমতাসীন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে (আইএনসি) হটিয়ে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), তামিলনাড়ুতে জয়ললিতার এআইএডিএমকে, কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিএফ) হটিয়ে সিপিএম নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) এবং কেন্দ্রশাসিত পুদুচেরিতে ক্ষমতায় এসেছে কংগ্রেস-ডিএমকে জোট।

  • [১]