দোয়ারাবাজারে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতির বিবৃতি প্রকাশের পর পাল্টা বিবৃতি দিয়েছেন- দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক।
অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক বিবৃতিতে উল্লেখ করেছেন- ‘জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের এমন বিবৃতি আসামীদের উৎসাহিত করেছে। তাঁর বিবৃতির কথায় আসামীদের বক্তব্যের প্রতিধ্বনি ঘটানো হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এমন বক্তব্য দিলে সাধারণের স্তম্ভিত হওয়া ছাড়া গত্যন্তর থাকে না। একজন বিদ্রোহী প্রার্থীকে তিনি আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক উল্লেখ করে তাঁর পক্ষাবলম্বন করলেন, এটিও দায়িত্বশীল পদে থেকে সুন্দর দেখায় না। এ ধরনের কার্যক্রম একজন বয়োজ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতার কাছ থেকে কর্মীরা প্রত্যাশা করে না, দলের জন্য এই বক্তব্য ক্ষতিকর’।
বিবৃতিতে ইদ্রিছ আলী বীরপ্রতীক আরো উল্লেখ করেন, জেলা সভাপতি’র ভাগ্নে ফরিদ আহমদ তারেক ভোটের দিন আর কারো খোঁজ খবর না নিয়ে নিজের ভাইকে ইউপি সদস্য পদে জিতিয়ে আনার জন্য কেন্দ্রে থাকলেন এবং প্রিজাইডিং অফিসারকে মারধর এবং ভোটের বাক্স ছিনতাইয়ের চেষ্টায় অভিযুক্ত হলেন। কোন মামলায় তদন্তের পূর্বে কাউকে নির্দোষ উল্লেখ করে দায়িত্বশীল কারো বক্তব্য দেওয়াও শোভন হয় না বলে বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন। (প্রেস বিজ্ঞপ্তি)