স্টাফ রিপোর্টার
২য় ধাপে ১১ নভেম্বর সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ১৯ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে শুধুমাত্র দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ঐদিন দোয়ারাবাজার সহ দেশের ২৬ ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।
গত ০৩ নভেম্বর বুধবার বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা ২ বিভাগের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পরিপত্রে জানানো হয়, কেন্দ্রসমূহে ভোট গ্রহণ, প্রশিক্ষণ ও প্রদর্শন (ভোটিং এডুকেশন) এর জন্য প্রয়োজনীয় সংখ্যক ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কাস্টমাইজেশনসহ নির্বাচন উপযোগী করে নির্বাচন কমিশন সচিবালয় থেকে রিটানিং অফিসারের নিকট পাঠানো হয়েছে।
এদিকে ভোট গ্রহণের জন্য নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তা অর্থাৎ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারদের জন্য ২দিনব্যাপি এবং পোলিং অফিসারদের ১ দিনের প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও ভোটদান পদ্ধতি সম্পর্কে প্রার্থী এবং ভোটারদের মধ্যে ব্যাপক প্রচার, কারিগরি দল গঠন, মোবাইল কারিগরি টিম গঠন করা হবে। আগামী ১০ নভেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের বিপরীতে ব্যালট ইউনিটে সঠিকভাবে প্রতীক সন্নিবেশিত আছে কিনা তা ভোটকেন্দ্রে পৌঁছে প্রিজাইডিং অফিসার যাচাই করবেন। এছাড়াও প্রতিটি কেন্দ্রে ৯ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মক ভোটিং অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩ জন। আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হামিদ, বর্তমান চেয়ারম্যান আব্দুল বারি (আনারস) এবং মো. মামুন মিয়া (ঘোড়া)। এদিকে ৯ ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন ৩৭ জন প্রার্থী। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৭ হাজার ৪৭০ জন ভোটার।
জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, দোয়ারাবাজার সদর ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ জন্য আইটি বিষয়ে দক্ষ কর্মকর্তাদের প্রধান্য দেয়া হয়েছে। নির্বাচনের পূর্বে একদিন মক ভোটিং অনুষ্ঠিত হবে। এছাড়াও ইভিএমে ভোটদান পদ্ধতি সম্পর্কে প্রার্থী এবং ভোটারদের মধ্যে ব্যাপক প্রচারণা চালানো হবে।